এই ফরম্যাটে ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং তারপর থেকে দলটি আর টস জিততে পারেনি।

অস্ট্রেলিয়া বনাম ভারত
শেষ আপডেট: 25 October 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: টস (Toss) ভাগ্য দেবতা ভারতীয় ক্রিকেটের প্রতি কেন এত বিমুখ? সেই নিয়ে জ্যোতিষিদের দ্বারস্থ হতেই পারেন টিম ইন্ডিয়ার অধিনায়করা। বিশেষত ওডিআই ক্রিকেটের ক্ষেত্রে। এদিনও সিডনিতে টসে হেরেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। টানা ১৮টি ওডিআই ম্যাচে টসে হারল টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়া-ভারত চলতি ওডিআই সিরিজের প্রথম দুটিতে টসে হারার পর ম্যাচও হেরেছিল ভারত। শনিবার গৌতম গম্ভীরের ছাত্ররা সিডনিতে তৃতীয় ওয়ানডে ম্যাচে (Australia vs India 3rd ODI)। প্রথম দুটি ম্যাচ হারার সঙ্গে সঙ্গেই সিরিজও খুইয়েছিল ভারত। অন্তত সিডনিতে জিততে পারলে ক্লিন সুইপ এড়ানো যাবে। এই ম্যাচের জন্য ভারতীয় দল তাদের প্লেয়িং ইলেভেনে দুটি পরিবর্তন করেছে। নীতীশকুমার রেড্ডি ও অর্শদীপ সিংয়ের জায়গায় দলে এসেছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় দল টানা ১৮তম ওয়ানডেতে টস হেরেছে। এই ফরম্যাটে ভারত শেষবার টস জিতেছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং তারপর থেকে দলটি আর টস জিততে পারেনি। এই সিরিজের তিনটি ম্যাচেই টস জিতেছে অস্ট্রেলিয়া।