কোহলি আর ধোনির সখ্যের সম্পর্ক নতুন। কিছুদিন একটি সাক্ষাৎকারে এমনটা বিরাট জানান, কেরিয়ারের দুঃসময়ে আর কেউ নন, পাশে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

বিরাট ও ধোনি
শেষ আপডেট: 7 August 2025 12:34
দ্য ওয়াল ব্যুরো: মাঠে নেমে তিনি দাপটের সঙ্গে স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ হাঁকান। কখনও আগ্রাসী ভঙ্গিমায় স্টেপ আউট করে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা, কখনও আত্মবিশ্বাসী ডিফেন্সে ব্যাটিং ধস আটকান।
ক্রিকেটের মাঠে এটাই বিরাট কোহলির (Virat Kohli) চেনা ছবি, যেটা দর্শক, অনুরাগীদের সবাই চেনেন। কিন্তু বাইশ গজের বাইরের মানুষটা ঠিক কেমন? সাজঘরে কি খুবই দুরন্ত? নাকি মনঃসংযোগ বাড়াতে অনেকটাই অন্তর্মুখী হয়ে পড়েন?
একটি সাক্ষাৎকারে বিরাটের অদেখা দিক সামনে আনলেন তাঁর একদা সতীর্থ, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। জানালেন, কোহলি আদতে মনোরঞ্জনের ভরপুর প্যাকেজ! যেমন ভাল লোকের নকল করেন, তেমন ভাল গানের গলা! মাহির কথায়, ‘বিরাট খুব ভাল গায়ক, দারুণ নাচে, চমৎকার মিমিক্রি করে। সব মিলিয়ে খুবই মজার!’ তারপর একগাল হেসে জুড়ে দেন, ‘ও নিজের মেজাজে থাকলে সবাইকে মাতিয়ে রাখতে পারে!’
কোহলি আর ধোনির সখ্যের সম্পর্ক নতুন। কিছুদিন একটি সাক্ষাৎকারে এমনটা বিরাট জানান, কেরিয়ারের দুঃসময়ে আর কেউ নন, পাশে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ছাড়ার পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক নাকি দলের একদা সতীর্থদের সঙ্গে তেমন যোগাযোগ রাখেন না। অনেক খেলোয়াড়ই ধোনির নামে বিভিন্ন সময় এমন অনুযোগ করেছেন।
তবে এর উলটো সুর শোনা যায় বিরাটের কথায়। ধোনি জমানা অস্তমিত হওয়ার পর দল পরিচালনার ব্যাটন চলে যায় কোহলির হাতে। তাঁর নেতৃত্বে মাঠে নেমেছেন মাহি। যদিও কোনও শৈত্য নয়, দুজনের সম্পর্কের উষ্ণতাই বরাবর নজরে এসেছে।
একটি সাক্ষাৎকারে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বিরাট বলেন, ‘আপনাদের একটা কথা বলি। ২০২২ সালে যখন আমি অধিনায়কত্ব ছেড়ে দিই তখন মাত্র একজনই আমায় টেক্সট মেসেজ করেছিলেন। তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। অনেকের কাছেই আমার ফোন নাম্বার রয়েছে। কিন্তু কেরিয়ারের দুঃসময়ে তাঁরা কেউ আমার পাশে দাঁড়াননি। আর কেউ মেসেজ করেননি। অনেকে টিভিতে উপদেশ দিয়েছিলেন। অনেকের অনেক কিছুই বলার ছিল। কিন্তু তাঁদের কারও একটি মেসেজ করার সময় হয়ে ওঠেনি!’
উল্লেখ্য, ২০২২-এ দক্ষিণ আফ্রিকার সিরিজের আগে-পরে বিরাট কোহলির ফর্ম ও অধিনায়কত্বের ধরন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। যার জেরে দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এই একই ইস্যুতে ধোনিকে প্রশ্ন করা হলে ভারতের প্রাক্তন অধিনায়ক স্বীকার করে নেন, তিনি মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষায় তেমন চৌখশ নন। তবে কোহলি ব্যতিক্রম। তিনি ‘বিশেষ মানুষ’। তাই কোনও গুরুতর প্রয়োজনে পাশে থাকা জরুরি হলে একটি মেসেজ পাঠানো উচিত। আর তিনি তাই তাই করেছেন। বরাবরের মতোই স্পটলাইটের আড়াল খুঁজেছেন ‘ক্যাপ্টেন কুল’।