কমেন্ট্রিতেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। ধারাভাষ্যকাররা ভেবেছিলেন, হয়তো কোনও চোট-আঘাতের সমস্যা। এমন সময় মাঠে ছুটে আসে পাকিস্তানের এক বদলি খেলোয়াড়—হাতে এক বোতল স্প্রে!

স্প্রে করছেন ফতিমা
শেষ আপডেট: 5 October 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: ভারত–পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) মানেই টানটান উত্তেজনা। কিন্তু রবিবার মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2025) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ঘটল এমন ঘটনা যাকে একই সঙ্গে ‘বিরল’, ‘হাস্যকর’ অথচ ‘অস্বস্তিকর’ বলা যেতে পারে! আর কিছু না, বেয়াড়া পোকার ‘আক্রমণে’ বন্ধ হয়ে গেল খেলা! পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা (Fatima Sana) নিজেই নামলেন ‘পেস্ট কন্ট্রোলারে’র ভূমিকায়, হাতে স্প্রে! কিন্তু শেষ পর্যন্ত তা কাজে এল না, প্রায় ১৫ মিনিট বন্ধ রাখতে হল ম্যাচ।
— The Game Changer (@TheGame_26) October 5, 2025
ঘটনার শুরু ২৮তম ওভারে। ভারতের ইনিংস তখন মাঝপথে। হঠাৎ দেখা যায়, পাকিস্তানি স্পিনার নাশরা সান্ধু (Nashra Sandhu) বোলিং ছেড়ে তোয়ালে নাড়িয়ে কিছু একটা তাড়াচ্ছেন! কয়েক মিনিটের মধ্যেই আরও কয়েকজন ক্রিকেটার এসে দাঁড়ান আম্পায়ারের কাছে। বোঝা যায়, ময়দানে পোকার উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে, যে খেলা চালানোই মুশকিল। ম্যাচ রেফারিকে কানে হেডফোন দিয়ে কথা বলতে দেখা যায়!
কমেন্ট্রিতেও ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। ধারাভাষ্যকাররা ভেবেছিলেন, হয়তো কোনও চোট-আঘাতের সমস্যা। এমন সময় মাঠে ছুটে আসে পাকিস্তানের এক বদলি খেলোয়াড়—হাতে এক বোতল স্প্রে! সবার অনুমান ‘ফার্স্ট-এড’ গোছের কিছু। কিন্তু মুহূর্তেই আসল ছবি স্পষ্ট হয়—ফতিমা সানা নিজেই বোতলটা কেড়ে নেন, আর শুরু করেন পোকার বিরুদ্ধে স্প্রে অভিযান!
দৃশ্যটা এতই অদ্ভুত ছিল, যে ধারাভাষ্যকার সানা মীর (Sana Mir) পর্যন্ত হেসে ফেলেন। সহ-কমেন্টেটর জিজ্ঞেস করেন, ‘এ কী হচ্ছে মাঠে?’ মীরের জবাব, ‘আমিও জানি না!’ এরপর দুই ধারাভাষ্যকারের সংলাপ—‘ঠিক আছে, এই পেস্ট কন্ট্রোল বিরতি আমরা মেনে নিচ্ছি!’ কথামাফিক এবং সম্প্রচারেই থামানো হয় ধারাভাষ্য!
ফতিমার ‘একক লড়াই’ ফলপ্রসূ হয়নি। তেমন কমেনি পোকামাকড়ের উৎপাত। কয়েক ওভার পরই খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। মাঠে ঢোকেন গ্রাউন্ড স্টাফ, নিয়ে আসেন বড় পেস্ট কন্ট্রোল স্প্রে। গোটা পিচ ও আউটফিল্ডে ছিটিয়ে দেওয়া হয় রাসায়নিক। প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা। যদিও পরিস্থিতি সামলে ফের শুরু হয় ম্যাচ—একটিও ওভার কমানো হয়নি।
এর আগে টসে জিতে ফিল্ডিং নেওয়া পাকিস্তান বাহিনী কিছুটা এগিয়ে ছিল। ভারতের হয়ে হারলিন দেওল (Harleen Deol) অল্পের জন্য অর্ধশতরান মিস করেন, ৩৪ ওভারে ৪ উইকেটে ১৫৪ রানে পৌঁছয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের হয়ে ফতিমা, ডায়ানা বেগ (Diana Baig), সাদিয়া ইকবাল (Sadia Iqbal) ও রামিন শামিম (Rameen Shamim) প্রত্যেকে নেন একটি করে উইকেট।