আসলে ম্যানেজমেন্ট-সিলেকশন দ্বন্দ্ব, বিভ্রান্তিকর সিদ্ধান্ত, সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, বিসিসিআই সেই সব পরিষ্কার করতে চাইছে।
.jpeg.webp)
গম্ভীর ও আগরকর
শেষ আপডেট: 1 December 2025 10:25
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেই জরুরি বৈঠক ডাকল বিসিসিআই (BCCI)। বুধবারের ম্যাচের আগে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) এবং বোর্ডের শীর্ষ কর্তাদের। লক্ষ্য—টিম পারফরম্যান্স ও ‘সিলেকশন কনসিস্টেন্সি’নিয়ে গভীর আলোচনা।
স্পোর্টস্টার-এর রিপোর্ট অনুযায়ী, আলোচনায় থাকার কথা বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia), জয়েন্ট সেক্রেটারি প্রভতেজ সিং ভাটিয়া (Prabhtej Singh Bhatia), কোচ গম্ভীর (Gautam Gambhir) এবং চিফ সিলেক্টর আগরকরের (Ajit Agarkar)। নতুন সভাপতি মিথুন মানহাস যোগ দেবেন কি না, তা নিশ্চিত নয়। ম্যাচের দিনই বৈঠক হওয়ায়, বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মাদের (Rohit Sharma) তলব করা হবে, এমন সম্ভাবনা কম।
এক সিনিয়র বোর্ড কর্তার বক্তব্য—এই আলোচনার উদ্দেশ্য ‘সিলেকশন কনসিস্টেন্সি’ বজায় রাখা, একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স মূল্যায়ন। সাম্প্রতিক ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যর্থতা এবং ম্যানেজমেন্টের সিদ্ধান্তঘটিত বিভ্রান্তি নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সব দূর করেই এগোতে চায় বোর্ড।
বৈঠকে দলের সামগ্রিক ব্যর্থতার কারণ পর্যালোচনা করা হবে। ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারের সময় বেশ কয়েকটি ভুল সিদ্ধান্ত ও অস্পষ্ট কৌশলের কথা উঠে এসেছে। বোর্ড চাইছে এখনই স্পষ্ট নির্দেশিকা তৈরি হোক—কখন, কীভাবে, কোন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচকদের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে আলোচনায় আসবে বিরাট (Virat Kohli) এবং রোহিতের (Rohit Sharma) ভবিষ্যৎ পরিকল্পনা। ওডিআই-এ দুর্দান্ত ফর্মে থাকলেও, তাঁদের নিয়ে বোর্ডের ভাবনা কী—তা নিয়েও জল্পনা চলেছিল। শোনা যাচ্ছে, বোর্ড চায় বিরাট টেস্ট অবসর প্রত্যাহার করুন। যদিও রাঁচি ওয়ানডের পর ব্যাটার নিজেই জানিয়ে দেন, লাল বলের ক্রিকেটে ফেরার কোনও ইচ্ছা নেই।
এই নিয়ে বোর্ড কর্তার মন্তব্য—‘পরের টেস্ট সিরিজ এখনও আট মাস দূরে। তার আগে আমরা চাই স্পষ্ট পরিকল্পনা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup), তারপর ওডিআই বিশ্বকাপ (ODI World Cup)। ভারত দুটোতেই ফেভারিট। তাই দেরি না করে সব সমস্যার সমাধান চাই।’
আসলে ম্যানেজমেন্ট-সিলেকশন দ্বন্দ্ব, বিভ্রান্তিকর সিদ্ধান্ত, সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছিল, বিসিসিআই সেই সব পরিষ্কার করতে চাইছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগের এই বৈঠক তাই শুধু জরুরি নয়, ইঙ্গিতপূর্ণও—আগামী দিনের জন্য দিকনির্দেশ তৈরি করতে চাইছে বোর্ড।