
শেষ আপডেট: 26 March 2024 23:38
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে চেন্নাই বরাবর ভয়ংকর। আইপিএলের ম্যাচে তারা সহজেই হারিয়ে দিল শুভমন গিলের গুজরাত টাইটানসকে। চেন্নাইয়ের বড় রানের কাছে পেরে ওঠেনি গুজরাত দল। তাদের সাই সুদর্শন ছাড়া বলার মতো কেউ খেলতে পারেননি। তিনি ৩৭ রান করেছেন।
ওপেন করতে নেমে অধিনায়ক গিল করেছেন আট রান ও ঋদ্ধিমান সাহা করেন ২১ রান। চেন্নাই বোলারদের কাছে তাঁরা খেলতে পারেননি। ধোনিদের জয় ৬৩ রানে।
চেন্নাইয়ের দর্শকরা আশায় ছিলেন তাঁদের থালা ব্যাটিং করতে নামবেন। কিন্তু এম এস ধোনিকে ব্যাটিং করতে নামতে হয়নি। বরং বাকিরাই গুজরাত টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে তুলেছে ২০৬/৬।
টসে জিতে গুজরাত প্রথমে ব্যাটিং করতে পাঠায় ঘরের দলকে। চেন্নাইয়ের হয়ে ওপেনে নেমে সফল অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড (৪৬) ও রাচিন রবীন্দ্র (৪৬)। দু’জনেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করে রানকে শুরুতেই ভাল জায়গায় নিয়ে গিয়েছেন।
পাশাপাশি এদিনও চেন্নাইয়ের হয়ে শিবম দুবে দারুণ মেজাজে ব্যাটিং করেছেন। তিনি ২৩ বলে করেছেন ৫১ রান, যারমধ্যে রয়েছে পাঁচটি বাউন্ডারি এবং দুটি চার। শিবমের সাইক্লোন ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছে গুজরাত বোলাররা। তিনি মার্কি ব্যাটার হিসেবে খেলতে নামেন।
শেষদিকে চেন্নাই দলের ডারিল মিচেল (২৪) ভাল খেলেছেন। গুজরাত বোলারদের হয়ে উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট নেন সাই কিশোর, মোহিত শর্মারা।