ডল ছোট পর্দায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। মাঝে কিছুদিন বিরতি নিয়ে আবার সাইনা ফিরছেন টেলিভিশনে।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 10 June 2025 20:34
দ্য ওয়াল ব্যুরো: বাবার আদুরে মেয়ে ছিল ডল। কিন্তু ভাগ্যে সইল না বাপের সোহাগ। ভাগ্য বিপর্যয়ে খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছিলেন মেয়ে। সেই মেয়ে একজন স্টারকিড। অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা সাইনা চট্টোপাধ্যায়। ডাক নাম ডল। ডল ছোট পর্দায় তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। মাঝে কিছুদিন বিরতি নিয়ে আবার সাইনা ফিরছেন টেলিভিশনে।
অভিষেক তাঁর ডাক নাম 'মিঠু' নামেই ইন্ডাস্ট্রিতে সবার কাছে পরিচিত ছিলেন। ডল তাই মিঠুদার মেয়ে পরিচয়েই ইন্ডাস্ট্রিতে সবার কাছে পরিচিত। তবে এবার বাবার আশীর্বাদধন্য ডল নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছেন। সাইনার পাশে সবসময় ঢাল হয়ে রয়েছেন তাঁর মা সংযুক্তা চট্টোপাধ্যায়। সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মেয়ের পড়াশোনার দিকেও মায়ের সজাগ নজর।

শোনা যাচ্ছে, এবার দুটি বাংলা সিরিয়ালে দেখা যাবে ডলকে। জি বাংলায় আসছে অর্গানিক প্রোডাকশন হাউজের নতুন মেগা, যেখানে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে এই সময়ের অভিনেত্রী রত্নপ্রিয়া দাসকে। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের অফার গিয়েছে সাইনার কাছে। অন্যদিকে, স্টার জলসার আসন্ন একটি মেগা সিরিয়ালের প্রস্তাবও গিয়েছে সাইনার কাছে।
![]()
কিন্তু এখনও পর্যন্ত কোন মেগায় অভিনয় করবে সাইনা তা চূড়ান্ত হয়নি। সাইনা মায়ের সঙ্গে আলোচনা করছেন। এদিকে চ্যানেল কর্তৃপক্ষ ভেবে দেখছে কোন সিরিয়ালে নেওয়া যায় সাইনাকে। তবে অভিষেক কন্যাকে দেখতে আর দর্শকদের খুব বেশিদিন মিস করতে হবে না। খুব শিগ্গিরি দর্শকের অন্দরমহলে আসতে চলেছেন সাইনা। নতুন রূপে, নতুন সাজে।