
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
শেষ আপডেট: 24 April 2024 20:37
দ্য ওয়াল ব্যুরো: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকদের চিন্তা বেড়ে গেল। কারণ এই ব্যাঙ্কের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একাধিক কাজ করতে পারবে না এই ব্যাঙ্ক।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ, আপাতত অনলাইনে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্ত করতে পারবে না কোটাক মাহিন্দ্রা। নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই কঠোর শাস্তির মুখে পড়ল এই ব্যাঙ্ক? সূত্রের খবর, তথ্য প্রযুক্তি সংক্রান্ত অডিটের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি আরবিআই। সেই কারণেই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরবিআই বলছে, ২০২২ এবং ২০২৩ সালে ব্যাঙ্কের আইটি অডিটে উদ্বেগজনক রিপোর্ট এসেছে। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত একাধিক কাজে গলদ ধরা পড়েছে। সেই কারণেই আপাতত অনলাইন ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিং বন্ধ রাখতে বলেছে তাঁরা। সাধারণ মানুষের ঝুঁকির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কি এই ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তার কোনও বিষয় আছে? এমনটা মনে করতে বারণ করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, আরবিআই নিষেধাজ্ঞা নিয়ে গ্রাহকদের কোনও উদ্বেগের কারণ নেই। বর্তমান গ্রাহকরা যেভাবে পরিষেবা পাচ্ছেন, সেভাবেই পরিষেবা পাবেন।