
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস
শেষ আপডেট: 11 September 2024 14:15
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বুধবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গত ৮ সেপ্টেম্বর তাঁর সরকারের এক মাস পূর্ণ রয়েছে। তার আগে ২৫ অগাস্ট তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ১৭দিনের মাথায় ফের কী বলবেন তা নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে সে দেশে।
তবে অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ বুধবার ঘোষণা করতে পারেন। যা থেকে স্পষ্ট হতে পারে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে আগ্রহী।
রোড ম্যাপ বলতে সংস্কার প্রক্রিয়ার কর্মসূচি। ইউনুস নির্বাচন, রাজনীতি, প্রশাসন এবং সংসদীয় ব্যবস্থায় সংস্কারের কাজ করুন, এমন প্রত্যাশা তৈরি হয়েছে সে দেশে। বিশেষ করে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতৃত্ব তা চায়। তাদের পাশে আছে বাংলাদেশ জামায়াতি ইসলামি। অন্যদিকে, সংস্কার চাইলেও বিএনপি দীর্ঘ সময় দেওয়ার পক্ষপাতী নয় ইউনুসকে।
দু সপ্তাহ আগে ইউনুস আওয়ামী লিগ এবং বাম দলগুলি বাদে বাকি রাজনৈতিক দলগুলিকে আলোচনায় ডেকেছিলেন। তখনই আভাস দিয়েছিলেন তিনি একটি রোড ম্যাপ ঘোষণা করবেন।
জাতির উদ্দেশে ভাষণে রোড ম্যাপ ঘোষণা করা ছাড়াও ইউনুস তাঁর এক মাসের কাজের খতিয়ান পেশ করতে পারেন। বাংলাদেশে সব মহলই মানছে আর্থিক ক্ষেত্রে তিনি কিছুটা সফল হলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপি। আওয়ামী লিগ জমানার মতো বিএনপিও তোলাবাজি, দাদাগিরি, সরকারি-বেসরকারি সম্পত্তি বেদখলে নেমেছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ পুরোপুরি বন্ধ করা যায়নি। আক্রমণ অব্যাহত আওয়ামী লিগ সমর্থকদের বিরুদ্ধেও।
এরই মধ্যে দিল্লি হয়ে ঢাকা যাবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র সচিব ডোনাল্ড লু। বাংলাদেশে পট পরিবর্তনের পর এই প্রথম আমেরিকার কোনও শীর্ষ কর্তা ঢাকা যাচ্ছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় কর্তাদের সঙ্গে আলোচনা ইউনুসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের একাংশের মত, পাকিস্তানে ইমরান খানের মতো শেখ হাসিনাকেও অপসারণে এই মার্কিক কূটনীতিকের হাত রয়েছে।