
চট্টগ্রামে এই অনুষ্ঠান মাঝপথে থামিয়ে দিতে হয় মৌলবাদীদের আস্ফালনের মুখে
শেষ আপডেট: 21 February 2025 22:55
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh News) মহান মাতৃভাষা দিবসও মৌলবাদীদের আস্ফালন থেকে রেহাই পেল না। শুক্রবার মাতৃভাষা দিবসে (International Mother Language Day) সে দেশে একাধিক জায়গায় মৌলবাদীরা তান্ডব চালায়। তিনটি বড় ঘটনা উঠেছে বন্দর শহর চট্টগ্রাম, বরিশাল এবং কুমিল্লায়।
কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব, ৭১-এর বিজয়, জয় বাংলা শব্দগুলি ছিল। সেই কারণে শুক্রবার মাতৃভাষা দিবসে চট্টগ্রামে একটি অনুষ্ঠান বন্ধ করে দেয় মৌলবাদীরা। মঞ্চে উঠে আবৃত্তিকারকে হেনস্থা করা হয়। ওই অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম আবৃত্তি সম্মিলন।
কুমিল্লায় গুণবতী ডিগ্রি কলেজে শহিদ মিনার ভেঙে গুঁড়িয়ে দেয় একদল দুষ্কৃতী৷ বৃহস্পতিবার রাত বারোটার পর তথা শুক্রবারের প্রথম প্রহরে কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং নিউ মানুষ শহিদ বেদীতে ফুল মালা দিয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ভোররাতে কলেজে হামলা চালায় উগ্র মৌলবাদীরা। তারা ইসলাম বিপন্ন বলে স্লোগান দিতে দিতে শহিদ বেদী ভেঙে ফেলে। সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। সারাদিনে কাউকে তারা গ্রেফতার করতে পারেনি।
বরিশালের ঘটনাও ভয়াবহ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদ কনসার্টের আয়োজন করেছিল। শিক্ষার্থীদের বাধার মুখে ব্যান্ড 'কৃষ্ণপক্ষ'কে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে সেখানে।
ব্যান্ডের দলটি ‘ভাঙা সাইকেল’ গানটি দ্রুত শেষ করে মঞ্চ থেকে নেমে যায়। তবে বিক্ষোভ বাড়তে থাকলে তারা তাদের গাড়িতে করে পাশের জঙ্গলের রাস্তায় অবস্থান নেয়। সেখানেই প্রায় দুই ঘণ্টা লুকিয়ে থাকে গানের দলের সাত সদস্য। ব্যান্ডটির ৭ সদস্য।