
উত্তপ্ত বাংলাদেশ
শেষ আপডেট: 18 July 2024 19:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে বৃহস্পতিবারও রক্ত ঝরল। ঢাকা-সহ দেশটির একাধিক শহর হিংসার কবলে পড়েছে।ঢাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বৃহস্পতিবার আরও ১৭ ছাত্র নিহত হয়েছেন। আহত শতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আছেন।
এদিকে, বাংলাদেশ সরকার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারীরা চাইলে বৃহস্পতিবারই আলোচনা হতে পারে। শিক্ষামন্ত্রীকে আন্দোলনকারীদের আলোচনার টেবিলে নিয়ে আসতে উদ্যোগ নিতে বলা হয়েছে।
আইনমন্ত্রী আরও এক পদক্ষেপের কথা জানিয়েছেন। তিনি জানান সরকার অ্যাটর্নি জেনারেলকে বলেছে আদালতের সঙ্গে কথা বলে কোটা মামলার দিন এগিয়ে আানার ব্যবস্থা করতে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগামী ৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য ওঠার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছেন সরকার আদালতের রায় মেনে নেবে।
তবে আন্দোলনকারীরা এখনও পর্যন্ত আলোচনায় বসার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। বুধবার আন্দোলনকারীরা জানিয়েছিল, পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর পর আন্দোলন ছেড়ে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এখন দেখার সরকারের উদ্যোগ সফল হয় কি না।