মহাকাশ গবেষণা সংস্থা 'টাইটানস স্পেস' (Titans Space) তাদের ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ (Astronaut Candidate – ASCAN) হিসেবে বেছে নিয়েছে। ২০২৯ সালে এক মহাকাশ অভিযানে অংশ নেবেন জাহ্নবী, যেখানে তাঁরা কক্ষপথ থেকে পৃথিবীকে দু'বার ঘুরে দেখবেন।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 24 June 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের তরুণী জাহ্নবী দাঙ্গেতি মহাকাশ অভিযানে অংশ নিতে চলেছেন। মাত্র ২৩ বছর বয়সে এই সাফল্য ছুঁয়ে ফেললেন তিনি। তাঁকে মহাকাশ গবেষণা সংস্থা 'টাইটানস স্পেস' (Titans Space) তাদের ‘অ্যাস্ট্রোনট ক্যান্ডিডেট’ (Astronaut Candidate – ASCAN) হিসেবে বেছে নিয়েছে। ২০২৯ সালে এক মহাকাশ অভিযানে অংশ নেবেন জাহ্নবী, যেখানে তাঁরা কক্ষপথ থেকে পৃথিবীকে দু'বার ঘুরে দেখবেন।
প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী এই অভিযান চলাকালীন তাঁরা তিন ঘণ্টা সম্পূর্ণ ভরশূন্য অবস্থায় থাকবেন। এমন এক অভিজ্ঞতা, যা শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়, মানব মহাকাশ অভিযানের ভবিষ্যতের জন্যও এক বিশাল মাইলফলক হতে চলেছে। মিশনটির নেতৃত্বে থাকবেন প্রাক্তন নাসা (NASA) মহাকাশচারী তথা আমেরিকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল উইলিয়াম ম্যাকআর্থার জুনিয়র, যিনি বর্তমানে টাইটানস স্পেসের চিফ অ্যাস্ট্রোনট।
ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক জাহ্নবী এই সুযোগ পেয়ে আপ্লুত। ইনস্টাগ্রামে তিনি লেখেন, 'এটা আমার জীবনের গর্বের মুহূর্ত যা ভাষায় বোঝানো যাবে না, আমি শুধু নিজেকে না, মহাকাশে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছি।'
জাহ্নবীর মহাকাশের প্রতি ভালোবাসা বহু পুরনো। ইতিমধ্যে তিনি জিরো গ্র্যাভিটি ট্রেনিং, হাই অ্যালটিচিউড অভিযানে অংশগ্রহণ, মহাকাশ স্যুট ব্যবহারের অনুশীলন-সহ বিভিন্ন মহাকাশ চর্চায় যুক্ত থেকেছেন। উল্লেখযোগ্যভাবে, তিনিই প্রথম ভারতীয়, যিনি NASA-র International Air and Space Program-এ জায়গা পেয়েছিলেন।
২০২৬ সাল থেকে Titans Space-এর বিশেষ ASCAN ট্রেনিং প্রোগ্রামের অধীনে শুরু হবে তাঁর মহাকাশ অভিযানের জন্য প্রস্তুতি। পরবর্তী তিন বছর ধরে চলবে কঠিন প্রশিক্ষণ, যেখানে থাকবে মহাকাশযানের বিভিন্ন কৌশল শেখা, উড়ান অনুশীলন, চিকিৎসা সংক্রান্ত মূল্যায়ন এবং উচ্চপ্রযুক্তির নানা অনুশীলন।
এই সাফল্য শুধু জাহ্নবীর ব্যক্তিগত নয়, এটা ভারতীয় বিজ্ঞানপ্রেমী নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণা। তাঁর কথায়, 'আমি সেই সমস্ত তরুণের হয়ে মহাকাশে যাচ্ছি, যারা আকাশের দিকে তাকিয়ে ভাবে, একদিন আমিও পারব। এই অভিযান তাদের জন্য, আমাদের জন্য।'