
শেষ আপডেট: 24 March 2025 09:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভলের জামা মসজিদের (Sambhal Jama Masjid) ইমাম জাফর আলিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁর লখনউয়ে (Lucknow) বিচার বিভাগীয় তদন্ত কমিশনে (Judicial commission) সম্ভলের দাঙ্গা নিয়ে বক্তব্য নথিভুক্ত করার কথা ছিল। তার আগে রবিরার ইমামকে গ্রেফতার করে উত্তর প্রদেশের স্পেশ্যাল টাস্কফোর্সের পুলিশ (special task force of UP police) ।
ইমাম জাফর আলির দাদা তাহির হুসেনের অভিযোগ, তাঁর ভাইকে শনিবার থানায় ডেকে নিয়ে গিয়েছিল পুলিশ। থানায় জোর করে একটি কাগজে সই করতে চাপ দেওয়া হয়। কাগজে লেখা ছিল বিচার বিভাগীয় কমিশনের কাছে কী বলতে হবে। ভাই রাজি না হলে বাড়ি ফিরে আসেন। রবিবার লখনউ রওনা হলে রাস্তায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের কোনও মহল থেকেই গ্রেফতারের কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, গত বছর নভেম্বরে সম্ভলের দাঙ্গায় (communal riot) উসকানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইমামকে। দাঙ্গার পর তিনি অভিযোগ করেছিলেন, স্থানীয় হিন্দুদের একাংশ এবং পুলিশের বিদ্বেষমূলক কথাবার্তায় উত্তেজিত হয়ে মুসলিমদের একাংশ দাঙ্গায় জড়িয়েছিল। দাঙ্গায় চারজন নিহত হন।
জামা মসজিদ নিয়ে বিবাদের সুত্রপাত গত বছর। স্থানীয় হিন্দুদের একাংশ দাবি করে জামা মসজিদটি (Masjid) আসলে হরিশঙ্কর মন্দির (Harishankar temple) । ঔরঙজেব সেটি ভেঙে মসজিদ বানান। হিন্দুপক্ষের দাবি মসজিদ সরিয়ে নিয়ে মন্দিরের জায়গা ফিরিয়ে দিতে হবে।
সেই বিবাদকে কেন্দ্র করে দাঙ্গায় চারজন নিহত হন গত বছর নভেম্বরে। যোগী আদিত্যনাথের সরকার তদন্তে পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে দাঙ্গার কারণ অনুসন্ধানে।