
হাসপাতালের ভিতরেই গাড়ি ঢুকিয়ে দিল পুলিশ
শেষ আপডেট: 23 May 2024 13:38
দ্য ওয়াল ব্যুরো: 'থ্রি ইডিয়টস' ছবিতে ব়্যাঞ্চো তাঁর বন্ধু রাজুর বাবাকে স্কুটিতে বসিয়ে সোজা হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে ঢুকে গেছিল। সেই দৃশ্য এখনও দেখলে চরম হাসি পায় দর্শকদের। সঙ্গে সঙ্গে এই প্রশ্নও মাথায় আসে, এটা কি বাস্তবে সম্ভব? যাদের মাথায় এই প্রশ্ন এসেছে তাদের ঋষিকেশ এইমসের ঘটনা শুনলে মাথা ঘুরবে। সিনেমার দৃশ্যের মতোই হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে গাড়ি ঢুকিয়ে দিল পুলিশ! তবে কাউকে ভর্তি করতে নয়, এক অভিযুক্তকে পাকড়াও করতে।
এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালেরই নার্স অফিসারের বিরুদ্ধে। তাঁকে পাকড়াও করতে হাসপাতালের ভিতরেই গাড়ি নিয়ে ঢুকে পড়ল পুলিশ! ঋষিকেশ এইমসের এই ঘটনা নিয়ে এখন সর্বত্র আলোচনা চলছে। হাসপাতালের ভিতরের ভিডিও ভাইরাল রয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের গাড়ি সোজা করিডর ছাড়িয়ে এমারজেন্সি ওয়ার্ডে ঢুকে যাচ্ছে। পুলিশের গাড়ির দু পাশে থাকা একাধিক বেডে শুয়ে রয়েছেন রোগী। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণে বেশ কিছু নিরাপত্তারক্ষী তদারকি করছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই নার্সিং অফিসার অপারেশন থিয়েটারের মধ্যেই এক মহিলা চিকিৎসককে শারীরিকভাবে হেনস্তা করেন। শুধু তাই নয়, তাঁকে আপত্তিকর কিছু মেসেজও পাঠিয়েছিলেন তিনি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বাকি চিকিৎসকরা হাসপাতালের ডিনের কেবিনের সামনে বিক্ষোভ দেখান। তবে সতীশ কুমার নামে ওই নার্সিং অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুধু সাসপেন্ডের সিদ্ধান্তকে মানতে রাজি নয় প্রতিবাদী চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, যে কাজ সতীশ কুমার করেছে তার জন্য এই সাসপেনশন কোনও শাস্তি নয়। যতক্ষণ না পর্যন্ত সতীশ কড়া শাস্তি পাচ্ছেন ততক্ষণ বিক্ষোভ চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। যদিও হাসপাতালের কোনও কাজ বন্ধ থাকবে না বলে আশ্বাস দিয়েছেন তারা।