তিনি সতর্ক করে দেন, সেনার মধ্যে কোটা বা জাতভিত্তিক বিতর্ক উস্কে দেওয়ার যে কোনও প্রয়াস দেশের ক্ষতি করবে।

রাজনাথ সিং এবং রাহুল গান্ধী
শেষ আপডেট: 5 November 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটের (Bihar Elections) আগে রাজনৈতিক উত্তাপ চরমে। কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারতীয় সেনা (India Army) প্রসঙ্গে মন্তব্যের পাল্টা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। কংগ্রেস নেতা দাবি করেছিলেন, দেশের সেনাবাহিনীসহ মূল প্রশাসনিক কাঠামো নাকি দেশের মাত্র ১০ শতাংশ মানুষের হাতে। সেই মন্তব্যেই ক্ষুব্ধ রাজনাথের কড়া প্রতিক্রিয়া, “ভারতীয় সেনাকে রাজনীতি ও জাতপাতের বিতর্কে টেনে নামাবেন না।”
বিহারের নির্বাচনী সভায় রাজনাথ বলেন, “ভারতীয় সেনার কোনও ধর্ম নেই, কোনও জাত নেই। এই বাহিনী দেশের মর্যাদাকে বারবার উজ্জ্বল করেছে। যারা সেনাকে বিভক্ত করার চেষ্টা করছে, তারা অরাজকতার বীজ বুনছে।” তিনি সতর্ক করে দেন, সেনার মধ্যে কোটা বা জাতভিত্তিক বিতর্ক উস্কে দেওয়ার যে কোনও প্রয়াস দেশের ক্ষতি করবে।
রাহুল গান্ধী সম্প্রতি দাবি করেছিলেন, “দেশের অধিকাংশ মানুষ দলিত, মহাদলিত, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। অথচ বড় সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী (Indian Army) - সব জায়গায় নেতৃত্ব ফলান সীমিত অংশের সেই ১০ শতাংশ (10% Population) মানুষ। আমরা চাই ভারত এমন হোক, যেখানে সেই ৯০ শতাংশ মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।” রাজনাথ পাল্টা অভিযোগ করেন, “দশক ধরে যাঁরা জাত-ধর্মের রাজনীতি করেছেন, এখন তাঁরা সেনাকে সেই পথে নামানোর চেষ্টা করছেন।”
রাহুলের এই মন্তব্য নিয়ে মঙ্গলবারই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি (BJP)। দলের নেতা সুরেশ নাখুয়ার সরাসরি অভিযোগ, “রাহুল গান্ধী সেনাবাহিনীর মধ্যেও জাতপাতের বিভাজন খুঁজছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি দেশের ভাবমূর্তিই নষ্ট করছেন।”
উল্লেখ্য, এর আগেও সেনা নিয়ে মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। ২০২৩ সালে ভারত জোড়ো যাত্রার সময় তিনি বলেছিলেন, “অরুণাচলে ভারতীয় জওয়ানদের পেটাচ্ছে চিনা সেনা।” সেই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সেই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্টও তাঁর মন্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে এবং ‘একজন প্রকৃত ভারতীয় হলে এমন মন্তব্য করা যায় না’ বলে পর্যবেক্ষণ দিয়েছিল।