
শেষ আপডেট: 25 December 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার একটি বন্ধ জুট মিলের শ্রমিকদের হাতে বকেয়া পাওনার চেক তুলে দেবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত হুকুমচাঁদ জুট মিলের শ্রমিকেরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত থেকে পাওয়া আদায় করেছেন। আদালতে জমা হওয়া মালিকপক্ষের ২২৪ কোটি টাকার চেক সোমবার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।
তিনি অবশ্য ইন্দোরে বা রাজধানী ভুপালে যাচ্ছেন না। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রতীকি চেক তুলে দেবেন। এই উপলক্ষে ‘মজদুরো কা হিত, মজদুরো কা সম্প্রীত’ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
নাগরিকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে বর্তমান প্রধানমন্ত্রী নানা পন্থা অবলম্বন করেছেন। প্রতি মাসে রেডিও’য় ‘মন কি বাত’ অনুষ্ঠান তার অন্যতম। এছাড়া তিনি শিক্ষক দিবসে ছাত্রছাত্রীদের সঙ্গে দিল্লিতে মিলিত হন। সেই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন শিক্ষক ও পড়ুয়ারা। এ বছরের গোড়া থেকে প্রধানমন্ত্রী চাকরি মেলা শুরু করেছেন। মোদী চাকরি প্রাপকদের হাতে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। শ্রমিকদের বকেয়া মেটানোর উদ্যোগ তাকে নয়া সংযোজন।
মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। তাৎপর্যপূর্ণ হল বিজেপি হল প্রথমসারির একমাত্র দল যাদের শ্রমিক ও ছাত্র ইউনিয়ন নেই। বিদ্যার্থী পরিষদ সরাসরি আরএসএসের ছত্রছায়ায় পরিচালিত হয়। সঙ্ঘের ছত্রছায়াতেই কাজ করে ভারতীয় মজদুর সংঘ।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্যোগে ইন্দোরের কারখানার শ্রমিকদের বকেয়া প্রধানমন্ত্রীর হাত দিয়ে প্রদানের সিদ্ধান্ত হয়। ২০ ডিসেম্বর কারখানা কর্তৃপক্ষ ২২৪ কোটি টাকার চেক হাই কোর্টে জমা দেয়। কারখানাটি ১৯৯২ সাল থেকে বন্ধ। প্রধানমন্ত্রী সোমবার মধ্যপ্রদেশের গুচ্ছ উন্নয়ন প্রকল্পেরও শিলান্যাস, উদ্ধোধন করবেন।