জলালপুর থানার অন্তর্গত আশাপুর গ্রামে, মহারাজা সুহেলদেবের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। রাজভর সম্প্রদায়-অধ্যুষিত জাফরাবাদ বিধানসভা কেন্দ্রে সুহেলদেবের মূর্তি স্থাপনের উদ্দেশ্যে ভূমি পুজোর আয়োজন করা হয়েছিল।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 11 June 2025 20:13
দ্য ওয়াল ব্যুরো: জনসভায় প্রথমে মাল্যদান, এরপরই একের পর এক চড়! প্রকাশ্যে মঞ্চেই মার খেলেন এসএসপি-র জাতীয় সভাপতি মহেন্দ্র রাজভর (Mahendra Rajbhar)। অভিযুক্ত দলেরই এক কর্মী ব্রিজেশ রাজভর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুরে। ভাইরাল হয়েছে ভিডিও (Viral Video)।
ঘটনাটি ঘটে জলালপুর থানার অন্তর্গত আশাপুর গ্রামে, মহারাজা সুহেলদেবের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। রাজভর সম্প্রদায়-অধ্যুষিত জাফরাবাদ বিধানসভা কেন্দ্রে সুহেলদেবের মূর্তি স্থাপনের উদ্দেশ্যে ভূমি পুজোর আয়োজন করা হয়েছিল। মৌ জেলার বাসিন্দা মহেন্দ্র রাজভর ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
In UP’s Jaunpur, Suheldev Swabhiman Party chief #MahendraRajbhar was slapped thrice on stage by his own party leader after being garlanded, during a statue unveiling event on Maharaja Suheldev’s Victory Day. #Jaunpur #MahendraRajbhar #PoliticalViolence #UPNews pic.twitter.com/Gr2Va4MH8n
— Ahmed Khabeer احمد خبیر (@AhmedKhabeeer) June 11, 2025
এই সভাতেই প্রথমে মহেন্দ্র রাজভরকে মাল্যদান করেন ব্রিজেশ রাজভর (Brijesh Rajbhar), তারপর আচমকাই একের পর এক চড় মারতে থাকেন তাঁকে। মঞ্চে হইচই শুরু হয়। এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করেন মহেন্দ্র রাজভর। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের মন্ত্রী এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP) সভাপতি ওমপ্রকাশ রাজভর ইচ্ছে করেই একাজ করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ওমপ্রকাশ রাজভর বা তাঁর দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পরই মহেন্দ্র রাজভর জালালপুর থানায় অভিযোগ দায়ের করেন। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ব্রিজেশ আগে SSP-র সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে কোনও পদে নেই। ওই অনুষ্ঠানে কে বা কারা ব্রিজেশকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি জানি না। আমাদের দলের মধ্যে কোনও অভ্যন্তরীণ বিরোধ বা আর্থিক বিবাদও নেই।" রাজভরের দাবি, হামলার কয়েক দিন আগেই ব্রিজেশ ওমপ্রকাশ রাজভরের সঙ্গে দেখা করেছিলেন। সেই সাক্ষাতের ভিত্তিতেই এই হামলা হয়েছে বলেও সন্দেহ তাঁর।
সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মহেন্দ্র রাজভরের উপর এই হামলা বিজেপি (BJP) শাসনের অধীনে 'পিডিএ'-র (পিছিয়ে পড়া শ্রেণি, দলিত, সংখ্যালঘু) উপর চলতে থাকা অবমাননা এবং নিপীড়নের আরেকটি দৃষ্টান্ত। বিজেপি যদি মনে করে, এমন হেনস্থা চালিয়ে বিভাজনের রাজনীতি চালিয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। যদি বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকে, তবে অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “এই ধরনের হিংসা আসলে চরম হতাশার বহিঃপ্রকাশ। তবে এই হিংসা PDA-কে দুর্বল করবে না, বরং তার লড়াইকে আরও মজবুত করবে। সংবিধান জিন্দাবাদ, পিডিএ জিন্দাবাদ।”
উল্লেখ্য, মহেন্দ্র রাজভর এক সময় ওমপ্রকাশ রাজভরের এসবিএসপি দলের জাতীয় সহ-সভাপতি ছিলেন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে সেই দল ছেড়ে নিজেই এসএসপি গড়েন। তিনি অভিযোগ করেছিলেন, ওমপ্রকাশ রাজভর পার্টির আদর্শ থেকে সরে গিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন।
বর্তমানে জাফরাবাদ বিধানসভা আসন থেকে SBSP-এর জগদীশ নারায়ণ রাই নির্বাচিত বিধায়ক। ২০২২ সালের নির্বাচনে তিনি সমাজবাদী পার্টির জোটের প্রার্থী ছিলেন।