
শেষ আপডেট: 27 February 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে প্রথম আদ্যন্ত নিজস্ব অভিযানে চার নভোশ্চর পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম তুলতে চলেছে ভারত। 'গগনযান' অভিযানের চার পাইলটের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র থেকে এই চারজনের নাম ঘোষণা হয়। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা।
কেরলে সংক্ষিপ্ত সফরে এদিন সারাভাই মহাকাশ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী। সেখানে গগনযান অভিযানের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এই অভিযানটি হল ভারতের প্রথম মহাকাশে মানুষ পাঠানোর প্রয়াস। ২০২৪-২৫ সালের মধ্যে এই অভিযান সম্পূর্ণ হবে। প্রকল্পের লক্ষ্য হল, তিন মহাকাশচারীকে ৪০০ কিমি কক্ষপথে ছেড়ে দেওয়া। তিনদিনের এই মহাকাশ সফর সেরে তাঁরা ভারতের সাগরে অবতরণ করবেন বলে নির্ধারিত রয়েছে।
মানুষের কক্ষপথে ঘুরে বেড়ানো প্রসঙ্গে মোদী এদিন বলেন, ভারত মহাকাশে ডানা মেলতে চলেছে এই অভিযানের ফলে। বিশ্বের অন্য দেশগুলির মতো ভারতও সেই জায়গা করে নিচ্ছে। ওই চারজনকে নভোশ্চরের প্রতীক দিয়ে প্রধানমন্ত্রী গোটা অভিযানের রূপরেখা জেনে নেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্তাদের কাছ থেকে। মোদী বলেন, গগনযান যাত্রীদের নাম এতক্ষণে দেশবাসী জেনে গিয়েছেন। কিন্তু, এই চারজন শুধুমাত্র চারটি নাম নয়। এই চারজনের শক্তি ১৪০ কোটি ভারতীয়র মহাকাশের বুকে নামার স্বপ্ন-আকাঙ্ক্ষাকে পূরণ করবে।
তিনি আরও বলেন, ৪০ বছর পর ভারতীয়রা ফের মহাকাশে যাচ্ছেন। কিন্তু এবার তাঁরা সেই রকেটে যাচ্ছেন, যেটা ভারতের তৈরি। মোদী বলেন, ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার অভিযানে অংশ নিয়ে।