
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 18 December 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই উপকূলে লঞ্চ উল্টে মৃত ১৩। এপর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি যাত্রীকে। বুধবার দুপুরে লঞ্চটি মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে যাচ্ছিল। ৩টে ৫৫ নাগাদ 'নীলকমল' নামের ওই লঞ্চটিতে ধাক্কা মারে নৌসেনার একটি ছোট স্পিড বোট। তারপরই উল্টে যায় ও ডুবতে শুরু করে।
এখনও পর্যন্ত লঞ্চের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, ১১ টি নৌসেনার বোট এবং তিনটে মেরিন পুলিশের বোট উদ্ধারকাজে নামানো হয়েছে। তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে এলাকা। চারটি হেলিকপ্টারও হাত লাগিয়েছে একাজে।
জওহরলাল নেহরু পোর্টের এক আধিকারিক এবিষয়ে জানান, এই ঘটনা প্রথম দেখতে পান উপকূলে উপস্থিত মৎস্যজীবীরা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তারপর পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়। একে একে ১০০ জনেরও বেশি যাত্রীকে মৎস্যজীবী এবং ওই বাহিনীর লোকজন উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১০ জন যাত্রী ও পাঁচজন লঞ্চের লোকজনকে নিয়ে নীলকমল এলিফ্যান্টার উদ্দেশে যাচ্ছিল বুধবার। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৭ জনকে ভর্তি করা হয়েছে পোর্টের হাসপাতালে। ৯ জনের চিকিৎসা চলছে নৌসেনার তত্ত্বাবধানে। একজনকে অশ্বিনী হাসপাতাল এবং আরও ৯ জনকে জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। সকলকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।
ঘটনার কথা জানতে পেরে টুইট করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানিয়েছেন, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বিষয়টি দেখছেন। উদ্ধারকাজ চলছে।