নন্দিনী গুপ্তা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়।

নন্দিনী গুপ্তা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়।
শেষ আপডেট: 31 May 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় তেলঙ্গানার হায়দরাবাদের HITEX কনভেনশন সেন্টারে হতে চলেছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার (Miss World 2025) চূড়ান্ত বাছাই পর্ব। এ বছর নন্দিনী গুপ্তা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। তাই ভারতবাসীর প্রত্যাশা এই মুহূর্তে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। সকলেরই মনের ইচ্ছা গতবারের বিজয়িনী চেক রিপাবলিকের সুন্দরী ক্রিস্টিনা পেইজকোভা বিশ্বসুন্দরীর মুকুট পরিয়ে দেবেন ২০২৩ সালের ফেমিনা মিস ইন্ডিয়া (Femina Miss India World 2023) জয়ী নন্দিনীর মাথায়।
মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটের প্রচারে লেখা হয়েছে, এই শনিবার হায়দরাবাদে বসতে চলেছে এমন একটা সন্ধ্যা যেখানে উষ্ণতা এবং ভালবাসার মেলবন্ধন ঘটবে। আপনি কোথায় রয়েছেন সেটা কোনও ব্যাপারই নয়, আপনি মিস ওয়ার্ল্ড ইভেন্ট ঘরে বসে বা মোবাইলেও দেখতে পাবেন।
৭২-তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবছর মোট ১০৮টি দেশের প্রতিযোগিণী অংশ নিতে চলেছেন। যার সমাপ্তিপর্ব ঘটবে ৩১ মে, শনিবার হায়দরাবাদের HITEX Exhibition Center-এ। Missworld.com-এর বিবৃতি অনুযায়ী এই প্রথম বিশ্বব্যাপী দর্শকরা লাইভে অনুষ্ঠান দেখতে পাবেন। এই ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের জাতীয় টিভি চ্যানেলের জন্য। এছাড়া www.watchmissworld.com-এ পে-পার-ভিউ প্ল্যাটফর্মে হাই ডেফিনেশনে দেখা যাবে। ভারতে ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV-এ। বিশ্বসুন্দরী প্রতিযোগিতা শুরু হবে জিএমটি ১টা অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা প্রথম শুরু হয় ইংল্যান্ডে ১৯৫১ সালে। এরপর থেকে যত দিন গিয়েছে, এই প্রতিযোগিতা প্রচারে-বহরে ততই বিরাট আকার নিয়েছে। এর মধ্যে ভারতের মাথায় উঠেছে মোট ৬টি বিশ্বসুন্দরীর মুকুট। ১৯৬৬ সালে রিতা ফারিয়া থেকে ঐশ্বর্য রাই (১৯৯৪)। মানুষী চিল্লার জেতেন ২০১৭ সালে। সেটাই ছিল ভারতের ঘরের মেয়ের শেষবার বিশ্বসুন্দরী হওয়া। তার আগে ১৯৯৭ সালে ডায়ানা হেডেন, যুক্তা মুখী ১৯৯৯ সালে এবং প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে।