
এই কুকি জঙ্গিরা জঙ্গল বা গেরিলা যু্দ্ধে প্রশিক্ষিত
শেষ আপডেট: 21 September 2024 11:22
দ্য ওয়াল ব্যুরো: জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুরে মায়ানমার থেকে প্রশিক্ষিত ৯০০ কুকি জঙ্গি ঢুকেছে। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এই প্রথম প্রকাশ্যে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিলেন। গোয়েন্দা সূত্রের খবরের সত্যতা মেনে নিয়ে তিনি জানিয়েছেন, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলি রাজ্য ও কেন্দ্রকে সতর্ক করে দিয়েছে। বিদেশে প্রশিক্ষিত এই কুকি জঙ্গিরা জঙ্গল বা গেরিলা যু্দ্ধে প্রশিক্ষিত। এরাই অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাজ্যের বিভিন্ন এলাকায়। এদের হাতে রয়েছে বিদেশি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।
মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের কাছে বলেন, গোয়েন্দা রিপোর্টকে লঘুভাবে নেওয়া হচ্ছে না। গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে দক্ষিণ মণিপুরের ভারত-মায়ানমার সীমান্ত এলাকার জেলাগুলিকে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গোয়েন্দা রিপোর্টটি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। পরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা এই রিপোর্টের সত্যতা মেনে নেন। তাতে বলা হয়েছে, ৯০০ কুকি জঙ্গির দল ৩০টি দলে বিভক্ত হয়ে মণিপুরে জঙ্গল এলাকায় ঘাপটি মেরে আছে। প্রতি দল প্রায় ৩০ জন করে কুকি জঙ্গি রয়েছে। শুধু তাই নয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা ২৮ তারিখের আশপাশে তারা মিলিতভাবে মেইতেই গ্রামগুলিতে সশস্ত্র ড্রোন ও রকেট হামলা চালানোর ছক কষেছে।
কুলদীপ সিং এক সাংবাদিক সম্মেলন করে শুক্রবার জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্টের ১০০ শতাংশ সত্যতা রয়েছে বলে আমরা মনে করছি। সেটা ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি এই রিপোর্ট শেষমেশ সত্যি না হয়, তাহলে এরকমটা ঘটেনি না হলে প্রতিরোধের ব্যবস্থা নেওয়ায় ওরা পিছিয়ে গিয়েছে। যাই হোক বিষয়টিকে লঘুভাবে নেওয়া ঠিক নয়।