বারাণসীর সভায় প্রধানমন্ত্রী মোদী সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “জঙ্গি ও অন্যায়ের বিরুদ্ধে মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। অপারেশন সিন্ধুর সময় গোটা বিশ্ব ভারতের এই রূপ দেখেছে।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 2 August 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের অর্থনীতিকে "মৃত" বলে কটাক্ষ করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন— ভারত এখন বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। শুক্রবার বারাণসীর এক জনসভায় মোদী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও ভারত আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে।
তিনি বলেন, “বিশ্বজুড়ে এখন অস্থিরতার আবহ। সব দেশই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতও তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, তাই আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব সময় সজাগ থাকতে হবে।”
মোদী আরও বলেন, “আমাদের সরকার দেশের সর্বোচ্চ স্বার্থে যা কিছু করা দরকার, তা করছে। দেশের যাঁরা উন্নতি চান, ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া দেখতে চান— তাঁরা যেন দল-মত ভুলে 'স্বদেশি' পণ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ হন।”
তিনি আবারও 'ভোকাল ফর লোকাল'-এর ডাক দিয়ে বলেন, “আমরা শুধুমাত্র ভারতীয়দের তৈরি জিনিসই কিনব। ‘স্বদেশি’ই আমাদের পথ।”
এই মন্তব্যের পেছনে ছিল ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত পোস্ট। ৩১ জুলাই, ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, “ভারত কী করে তাতে আমার কিছু যায় আসে না। তারা চাইলে তাদের ‘মৃত অর্থনীতি’ নিয়ে রাশিয়ার সঙ্গে ডুবে যাক।” এর আগেই তিনি প্রায় সব ভারতীয় আমদানির উপর ২৫% শুল্ক চাপিয়েছেন।
বারাণসীর সভায় প্রধানমন্ত্রী মোদী সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “জঙ্গি ও অন্যায়ের বিরুদ্ধে মহাদেব রুদ্ররূপ ধারণ করেন। অপারেশন সিন্ধুর সময় গোটা বিশ্ব ভারতের এই রূপ দেখেছে। কেউ ভারতকে আঘাত করলে, তারা পাতাল লোকেও পালিয়ে বাঁচতে পারবে না।”
মোদী বিরোধী দলগুলোকেও তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “পাকিস্তান যেমন ব্যথিত, তেমনই ব্যথায় কাতর কংগ্রেস ও সমাজবাদী পার্টি। সন্ত্রাসবাদীদের উপর ভারতের প্রত্যাঘাতে কংগ্রেস কষ্ট পাচ্ছে। এমনকি সেনাদের অপারেশন সিঁদুরকেও তারা ‘তামাশা’ বলছে।”
তিনি বলেন, “সমাজবাদী পার্টির এক নেতা প্রশ্ন তুলেছেন, কেন ওই দিনই পহেলগামের জঙ্গিদের মারা হল। তাহলে কি আমি আগে ফোন করে জানতে নিতাম, কবে আঘাত করা যাবে? আমরা জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ দিই?” মোদীর অভিযোগ, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক সন্ত্রাসবাদীকে কার্যত ছাড়পত্র দিয়েছিল।