
প্রয়াগরাজ
শেষ আপডেট: 18 February 2025 10:19
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে মল-মূত্রের থেকে কলিফর্ম ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। তাই পুণ্যস্নানেই বাড়তে পারে বিপদ, এমন আশঙ্কা প্রকাশ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
৩ ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে বায়োকেমিক্যাল অক্সিজেনের নিরিখে এই জল স্নানের উপযুক্ত নয়। ১২-১৩ জানুয়ারি সেখানে পরীক্ষানিরীক্ষা করার সময় দেখা গিয়েছে নদীর জলে গুণমান জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।
শুধুমাত্র প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমেই নয়, সেখানকার কোনও ঘাটেরই জল স্নান করার উপযুক্ত নয় বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। এও বলা হয়েছে, ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঘনত্ব বেড়েছে ব্যাপক পরিমাণে।
১৪৪ বছর পর বিরল যোগ। পুণ্যের আশায় কোটি কোটি মানুষ ভিড় জমাচ্ছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোক্ষলাভের আশায় যাওয়া পুণ্যার্থীরা। তাতেও সামান্যতম ভাঁটা পড়েনি মহাকুম্ভে।
স্বাভাবিকভাবেই মহাকুম্ভের সময়, বিশেষ করে শুভ দিনগুলিতে, বিপুল সংখ্যক লোক গঙ্গায় স্নান করার ফলে মলের ঘনত্ব বৃদ্ধি পায়। পয়ঃনিষ্কাশন কেন্দ্র চালু থাকলেও শাহী স্নান এবং উৎসবের অন্যান্য গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠানের সময় দূষণের মাত্রা বেড়ে যায়। যা যথেষ্ট আশঙ্কার।
জলের মানের মাত্রা নিশ্চিত করার জন্য আগেই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তার পরেও দূষণ ঠেকানো যাচ্ছে না। ক্রমবর্ধমান দূষণের মাত্রা মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে বলে বুধবার উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের অফিসারদের ভার্চুয়ালি হাজির হতে নির্দেশ দিয়েছে।