
শেষ আপডেট: 6 December 2023 21:19
দ্য ওয়াল ব্যুরো: ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল গুজরাতের গরবা নাচ। একই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের রিকশা ও রিকশা চিত্র। ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসাবে দুই দেশের এই স্বীকৃতি মিলেছে।
বুধবার ইউনেস্কোর বৈঠক বসেছিল বতসোয়ানার কাসান শহরে। সেখানে দীর্ঘ আলোচনার পর ভারতীয় সময় সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
গরবা নৃত্য গোটা ভারতে জনপ্রিয় হলেও এর সৃষ্টি ও প্রচলন বেশি গুজরাতে। গুজরাত থেকে এসেছে গরবা নামটি। নবরাত্রির উৎসবে নারী পুরুষ গরবা নাচে মাতেন। এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নাচের জন্য গান রচনা করেছিলেন।
অন্যদিকে, পাকিস্তানের ট্রাক, লরির মতো বাংলাদেশে রিকশার অঙ্গসজ্জা দেখার মতো। রিকশা চিত্রকর নামে এক বিশেষ অংকন শিল্পীরা এই কাজ করেন। ক্রমে তা সে দেশের সামাজিক ও পারিবারিক পরিসরে জায়গা করে নিয়েছে। ইন্টেরিয়র ডেকোরেশনে জায়গা করে নিয়েছে রিকশা শিল্প।
তবে, ঢাকার যানজটের কারণে কলকাতার মতো সেখানেও ধীরগতির যান রিকশা তুলে দেওয়ার দাবি উঠেছে। তাছাড়া, আর্থিক কারণে বহু রিকশায় এখন অংকন চিত্র থাকে না। ঠিক এমনই সন্ধিক্ষণে এল হেরিটেজ স্বীকৃতি। রিকশা তুলে দেওয়ার দাবি উঠলেও বাংলাদেশ সরকার রিকশা এবং রিকশা চিত্রের হেরিটেজ স্বীকৃতির জন্য ইউনেস্কোর বৈঠকে দরবার করে।