1.webp)
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।
শেষ আপডেট: 11 May 2024 13:57
দ্য ওয়াল ব্যুরো: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনও সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্সের (এইচআরএ) দাবি জানাতে পারবেন না। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দেন।
এক আবেদনকারী এইচআরএ ফেরত দেওয়ার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন। শুধু তাই নয়, ওই নোটিসকে বৈধ বলে সর্বোচ্চ আদালত জানায় এইচআরএ বাবদ তিনি যে ৩ লক্ষ ৯৬ হাজার ৮১৪ টাকা ক্লেম করেছেন, তা ঠিক নয়। তাঁকে ওই টাকা ফেরত দেওয়ার জন্য যে নোটিস দেওয়া হয়েছে তা জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিসেস (হাউস রেন্ট অ্যালাওয়েন্স অ্যান্ড সিটি কমপেনসেসন অ্যালাওয়েন্স) বিধি, ১৯৯২ মোতাবেক বৈধ।
আদালত বলেছে, আবেদনকারী একজন সরকারি কর্মচারী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকতেন। সেই হিসেবে তিনি ভাড়াবাড়ির জন্য বরাদ্দ অনুদান পাওয়ার যোগ্য নন।
মামলা সূত্রে জানা গিয়েছে, আবেদনকারী জম্মু-কাশ্মীর পুলিশের টেলিকম বিভাগের একজন ইন্সপেক্টর। ২০১৪ সালের ৩০ এপ্রিল অবসর নেন। তারপরেই তাঁর কাছে বাড়িভাড়ার জন্য বরাদ্দ টাকা ফেরত দেওয়ার একটি নোটিস আসে।
একটি অভিযোগের ভিত্তিতে তিনি ওই নোটিসটি পান। অভিযোগ হল, আবেদনকারী যেখানে বসবাস করতেন সেটি সরকারি আবাসন। ফলে ভাড়ার অনুদান পেতে পারেন না। তাই তিনি যেন ওই পরিমাণ টাকা যা চাকরি করার সময় পেয়েছিলেন, তা ফেরত দিয়ে দেন। ঘটনা হচ্ছে, ওই কর্মচারী প্রমাণ করতে পারেননি যে, বাসস্থানটি তাঁর জন্য বরাদ্দ করা হয়েছিল।
এরপর তিনি জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের একক বেঞ্চে প্রথমে তারপর ডিভিশন বেঞ্চে আবেদন করেও ব্যর্থ মনোরথ হন। আইনি খবরের সংবাদ মাধ্যম লাইভ ল এই খবর দিয়ে জানিয়েছে, তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। মামলার শুনানিতে উঠে আসে এই ব্যক্তি যেখানে থাকতেন, সেটি তাঁর অবসরপ্রাপ্ত বাবার জন্য বরাদ্দ করা হয়েছিল। তাঁর বাবা ডিএসপি পদে কাজ করতেন।
আইনানুসারে এই রকম ক্ষেত্রে কোনও সরকারি কর্মচারী যদি একটি সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে থাকেন, তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। যা এই মামলার ক্ষেত্রে হয়নি।