
পিস্তল উঁচিয়ে মনোরমা। পাশে পূজা খেড়করের ফাইল ছবি।
শেষ আপডেট: 13 July 2024 10:26
দ্য ওয়াল ব্যুরো: 'বিতর্কিত' আইএএস পূজা খেড়করের মা মনোরমা খেড়করের বিরুদ্ধে এফআইআর করল পুনের গ্রামীণ পুলিশ। একইসঙ্গে পূজার বাবা দিলীপ খেড়কর সহ অন্য ৫ জনের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। এক কৃষককে হুমকি ও গ্রামবাসীদের পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নানান 'দুর্নীতি' ও 'মিথ্যা'র আশ্রয় নেওয়া পূজার বাবা-মায়ের বিরুদ্ধে।
শনিবার এখবর দিয়ে সংবাদসংস্থা জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনও যোগ করা হয়েছে। হুমকি, ভয় দেখানোর ধারা প্রয়োগ করেছে পুলিশ। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে, পূজার মা মনোরমা একটি পিস্তল উঁচিয়ে একদল লোককে ভয় দেখাচ্ছেন।
এই ভিডিও ভাইরাল হতেই পুনে গ্রামীণ পুলিশ আধিকারিকরা জানান, এবিষয়ে তদন্ত করে দেখা হবে। তারপরেই পুলিশ এফআইআর দায়ের করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজার বাবা মহারাষ্ট্র সরকারের অবসরপ্রাপ্ত অফিসার দিলীপ খেড়কর একটি জমি কিনেছিলেন। স্থানীয়দের অভিযোগ, জমি কেনা নয়, ওই জমি জোর করে দখল নিয়েছিলেন তিনি।
২ মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে, পূজার মা মনোরমা কয়েকজন বাউন্সার নিয়ে গ্রামবাসীর সঙ্গে তর্ক করছেন। তাঁর হাতে রয়েছে ছোট একটি পিস্তল। ভুয়ো নথি জমা দিয়ে, 'প্রতিবন্ধী' হওয়ার নাটক করে আইএএস অফিসার হওয়ার অভিযোগ উঠেছে পূজা খেদকারের বিরুদ্ধে। আপাতত ট্রেনি আইএএস অফিসার হয়ে কাজ করা পূজাকে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে বদলি করাও হয়েছে। তবে তাঁকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতিমধ্যে আরও বেশ কয়েকটি অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর মায়ের একটি ভিডিও।
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে তাঁকে বলতে শোনা যায়, আমার নামে এই জমি আছে। যারা মানছে না তারা জমির কাগজ দেখাক। ভিডিওতে আরও এক ব্যক্তিকে বলতে শোনা যায়, জমির আসল মালিক তিনি আর সেই প্রমাণও তাঁর কাছে আছে। কিন্তু মনোরমা সেই দাবি না মেনে কার্যত তার সামনে বন্দুক উঁচিয়ে বলেন, কেউ যেন তাঁকে নিয়ম না শেখায়।