
রবি কিষাণ
শেষ আপডেট: 18 April 2024 11:45
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে বড় অভিযোগ উঠেছিল বিজেপি তারকা প্রার্থী রবি কিষাণের বিরুদ্ধে। অপর্ণা ঠাকুর নামের এক মহিলার দাবি ছিল, তিনি রবির স্ত্রী এবং তাঁদের একটি মেয়েও আছে। সেই ঘটনাতেই এবার লখনউতে ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৬ জনের মধ্যে একই পরিবারের ৪ জন আছেন, তার সঙ্গে রয়েছেন একজন সমাজবাদী পার্টির নেতা এবং একজন সাংবাদিক।
পুলিশ জানিয়েছে, বাকিদের সঙ্গে মিলে অপর্ণা ঠাকুর নামের ওই মহিলা রবি কিষাণের থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ করতে চেয়েছিলেন। তাই তাঁর বিরুদ্ধে ধর্ষণের ভুয়ো অভিযোগ করার হুমকি দিয়েছিলেন। অপর্ণার সঙ্গে তাঁর স্বামী, ছেলে এবং মেয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সমাজবাদী পার্টির মিডিয়া ইনচার্জ বিবেক কুমার পাণ্ডে এবং সাংবাদিক খুরশিদ খানও এই ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ। রবি কিষাণের স্ত্রী এই ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান।
গত সোমবার মেয়েকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন অপর্ণা। তাঁর দাবি ছিল, ব্যক্তিগতভাবে রবি কিষাণ তাঁদের মেয়েকে মান্যতা দিলেও জনসমক্ষে স্বীকৃতি দিতে চান না। মেয়ের অধিকার পাইয়ে দেওয়ার জন্যই তিনি লড়াই করছেন বলে জানান। কিন্তু রবি কিষাণের স্ত্রী প্রীতি শুক্লার দাবি, এরা সবাই শুরু থেকে রবিকে ব্ল্যাকমেল করতে চেয়েছে। দু বছর আগে মুম্বইয়ে অপর্ণার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল বলেও জানিয়েছেন প্রীতি।
অপর্ণার বিরুদ্ধে প্রীতির অভিযোগ এখানেই শেষ নয়। তিনি এও দাবি করেন, আন্ডারওয়াল্ডের সঙ্গে যোগাযোগ রাখেন অপর্ণা এবং তাঁর পরিবার। ২০ কোটি টাকা দাবি করে সে হুমকি দিয়েছিল, টাকা না পেলে রবি কিষাণের বিরুদ্ধে ভুয়ো ধর্ষণের মামলা দিয়ে তাঁর জীবন নষ্ট করে দেবে। পুলিশ এই ৬ জনের বিরুদ্ধে ১২০-বি, ১৯৫, ৩৮৬, ৩৮৮, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে।