
শেষ আপডেট: 27 October 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: দরিদ্রদের আর্থিক সাহায্য করছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু অর্থ নয়, গৃহহীনদের বাসস্থানেরও ব্যবস্থাও করছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এই কথা বলেই নাকি অপহরণ করা হয়েছে এক শিশুকে। দেড় বছর বয়সি সেই শিশুর খোঁজ এখনও মেলেনি। তদন্তে নেমেছে পুলিশ।
দিন তিনেক আগে ঘটনাটি ঘটেছে রাঁচিতে। পুলিশ সূত্রে খবর, মধু নামের এক মহিলা তিন দিন আগে রাঁচির হরমু এলাকায় একটি দোকানে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর দুই মেয়ে। একজনের বয়স আট এবং অপরজনের বয়স দেড় বছর। মধু পুলিশকে জানিয়েছেন, দোকানে কেনাকাটা করার সময় বাইকে চেপে হাজির হয় এক মহিলা। তার সঙ্গে একজন পুরুষ সঙ্গীও ছিল। তারা মধুকে জানান, দরিদ্রদের আর্থিক সাহায্য করছেন ধোনি। এই কথা শুনে যেখানে গেলে এই আর্থিক অনুদান পাওয়া যাবে সেখানে যাওয়ার জন্য মধু ওই দুজনের সাহায্য চান।
এরপর মধু ও তাঁর দেড় বছরের মেয়েকে হার্মুর বিদ্যুৎ দফতরে নিয়ে আসে ওই বাইক আরোহীরা। সেখানে পৌঁছে দুই অভিযুক্ত মধুকে জানায় যে ভিতরে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি বৈঠক চলছে। এরপরে নানা কথায় মধুকে ভুলিয়ে বাইকে করে দেড় বছরের শিশুকন্যাটিকে নিয়ে তারা পালিয়ে যায়। চেষ্টা করেও তাদের ধরতে পারেননি বলে দাবি মধুর। এরপরই ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হন ‘অপহৃত’ শিশুর মা। কিন্তু তিনদিন কেটে যাওয়ার পরও এখনও শিশুটির খোঁজ মেলেনি।
মধুর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশকে প্রথমে মধু জানিয়েছিলেন, তাঁকে সরকারি সাহায্যের কথা বলেছিল দুই বাইক আরোহী। বেশ খানিকক্ষণ পর তিনি আবার বলেন, ধোনির নাম করে সাহায্য দেওয়ার কথা বলেছে তারা। তবে এই ঘটনার সঙ্গে ধোনির নাম জড়ানোর বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও অপহরণকারীদের পরিচয় সংক্রান্ত কোনও তথ্য পুলিশের হাতে আসেনি।