DGCA জানিয়েছে, এই নীতিগুলি যাত্রীদের অধিকার আরও শক্তিশালী করবে এবং বিমান সংস্থাগুলির ওপর জবাবদিহি বাড়াবে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে, শীঘ্রই দেশজুড়ে সব এয়ারলাইনে এই নিয়ম চালু হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: বিমানযাত্রীদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। যাঁরা প্রায়ই টিকিট বাতিল বা রিফান্ডের ঝামেলায় পড়েন, তাঁদের জন্য আসছে নতুন নিয়ম।আগামী দিনে যাতে টিকিট বাতিল, পরিবর্তন ও টাকা ফেরতের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয়, সেই প্রস্তাব দিয়েছে DGCA। অনেক দিন ধরে যাত্রীরা যে রিফান্ডে দেরি, গোপন চার্জ আর টিকিট বাতিলের জটিল নিয়ম (DGCA new regulations) নিয়ে অভিযোগ করে আসছেন, নতুন নিয়ম চালু হলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।
DGCA-এর এই নতুন খসড়া নীতিটি Civil Aviation Requirement (CAR) নামে প্রকাশিত হবে। এর মূল লক্ষ্য হল টিকিট সংক্রান্ত নিয়মকে স্বচ্ছ, দ্রুত ও নির্ভরযোগ্য করা। নীচে প্রস্তাবিত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তুলে ধরা হল-
৪৮ ঘণ্টার ফ্রি বাতিল বা পরিবর্তনের সুযোগ
নতুন নিয়মে যাত্রীরা টিকিট বুক করার পর ৪৮ ঘণ্টার মধ্যে বিনা চার্জে টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। তবে যদি নতুন ফ্লাইটের ভাড়া বেশি হয়, তাহলে সেই বাড়তি টাকা দিতে হবে। এই সুবিধা তখনই পাওয়া যাবে, যদি দেশীয় বা ডোমেস্টিক ফ্লাইটের টিকিট, যাত্রার কমপক্ষে ৫ দিন আগে বা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট অন্তত ১৫ দিন আগে বুক করা হয়। নির্দিষ্ট সময়ের পর টিকিট বাতিল করলে আগের মতোই ক্যানসেলেশন চার্জ দিতে হবে।
দ্রুত রিফান্ড ও কোনও গোপন চার্জ নয়
DGCA জানিয়েছে, টিকিট বাতিলের পর ২১ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পূর্ণ করতে হবে। এত দিন যাত্রীরা রিফান্ড পেতে দেরি হওয়ার যে সমস্যায় পড়তেন, এবার থেকে তা আর হবে না। যাত্রী দেরি করে টিকিট বাতিল করলেও বা না গেলেও, এয়ারলাইনকে বিমানবন্দরের ফি ও ট্যাক্স ফেরত দিতে হবে। এছাড়া, টিকিটে নামের ছোটখাটো ভুল থাকলে বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে তা বিনা খরচে ঠিক করা যাবে।
ট্রাভেল এজেন্ট বা অসুস্থতার কারণে টিকিট বাতিল
এবার থেকে ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করা টিকিটের রিফান্ডের দায় থাকবে সরাসরি এয়ারলাইনের ওপর। এতে রিফান্ডে আর দেরি হবে না, কেউ দায় এড়াতেও পারবে না। আর যদি যাত্রী অসুস্থতার কারণে টিকিট বাতিল করেন, তাহলে শুধুমাত্র তাঁর অনুমতি থাকলেই এয়ারলাইন ক্রেডিট শেল দিতে পারবে। কিন্তু কোনওভাবেই চাপিয়ে দেওয়া যাবে না।
DGCA জানিয়েছে, এই নীতিগুলি যাত্রীদের অধিকার আরও শক্তিশালী করবে এবং বিমান সংস্থাগুলির ওপর জবাবদিহি বাড়াবে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে, শীঘ্রই দেশজুড়ে সব এয়ারলাইনে এই নিয়ম চালু হবে।