প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি উড়তে পারছে না। লকহিড মার্টিন নির্মিত এই F-35B জেটটি শর্ট-টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিংয়ে সক্ষম অর্থাৎ ক্যাটাপল্ট ছাড়াই এটি সহজে রণতরী থেকে উড়তে ও নামতে পারে।

বিমানবন্দরের ছবি
শেষ আপডেট: 17 June 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। তবু রানওয়ে ছাড়েনি ব্রিটিশ রয়্যাল নেভির F-35B স্টেলথ যুদ্ধবিমান। রবিবার সকালে কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বাধ্য হয়েই নামতে হয় কেরলে। তারপর থেকে সেখানেই দাঁড়িয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে দামী যুদ্ধবিমান প্রকল্পের অংশ এই ফাইটার জেট।
ইউকে-র বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অফ ওয়েলস-এর অংশ হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা ছিল এই যুদ্ধবিমান। কিছু দিন আগেই এই বাহিনী ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া সেরে ফিরছিল। তখনই জ্বালানি ফুরিয়ে যায়।
ভারতীয় বায়ুসেনা এই ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে বর্ণনা করলেও প্রতিরক্ষা ও বিমান বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিদেশি কোনও যুদ্ধবিমান ৪৮ ঘণ্টার বেশি সময় কোনও দেশের মাটিতে দাঁড়িয়ে থাকা অত্যন্ত বিরল ঘটনা।
প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি উড়তে পারছে না। লকহিড মার্টিন নির্মিত এই F-35B জেটটি শর্ট-টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিংয়ে সক্ষম অর্থাৎ ক্যাটাপল্ট ছাড়াই এটি সহজে রণতরী থেকে উড়তে ও নামতে পারে। তবু কেন তা ‘Prince of Wales’-এ ফিরতে পারল না, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি খারাপ আবহাওয়াও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এটুকু নিশ্চিত, অবতরণের পর থেকেই ভারতীয় বায়ুসেনা বিমানটির পাশে রয়েছে। বিমানটি সারানোর কাজ চলছে। যাতে দ্রুত ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাও করছে ইউকে-র প্রতিরক্ষা বিভাগ।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ টেকনোলজি ও সেন্সর ফিউশন প্রযুক্তিতে তৈরি F-35 সিরিজের যুদ্ধবিমানের এই জরুরি অবতরণ অস্বাভাবিক হলেও নজিরবিহীন নয়। ইজরায়েল বর্তমানে এই যুদ্ধবিমান ব্যবহার করেই ইরানে হামলা চালাচ্ছে।
প্রসঙ্গত, এই F-35 যুদ্ধবিমান এক সময় ভারতকে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, 'আমরা ভারতের সঙ্গে এমন পথ তৈরি করছি, যাতে ভবিষ্যতে ভারতকে F-35 বিক্রি করা সম্ভব হয়।'