এই মন্ত্রিসভা পরিবর্তন গুজরাতে ২০২১ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় রদবদল, যখন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর সম্পূর্ণ মন্ত্রিসভা দলীয় নির্দেশে পদত্যাগ করেছিলেন।

ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 17 October 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে (Gujarat) বিজেপি সরকারের (BJP Govt.) মন্ত্রিসভায় বড়সড় রদবদল। শুক্রবার রাজ্যপাল আচার্য দেবব্রতের উপস্থিতিতে রাজভবনে শপথ নিলেন নতুন ২৫ সদস্যের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের (Bhupendra Patel) ডেপুটি হিসেবে এবার দায়িত্ব নিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সঙ্ঘভি (Harsh Sanghavi)। পাশাপাশি আলোচনায় রয়েছেন আর এক পরিচিত মুখ, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, যিনি এবার প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেয়েছেন।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীকে ১ লক্ষাধিক ভোটে হারিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন হর্ষ সঙ্ঘভি। এবার তাঁরই হাতে রাজ্যের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব।
নতুন মন্ত্রিসভায় ফিরেছেন আগের মন্ত্রিসভার বেশ কিছু পরিচিত মুখ। ঋষিকেশ প্যাটেল, কানুভাই দেশাই, কুনভারজি বাভালিয়া, প্রশোত্তম সোলাঙ্কি, প্রফুল পানসেরিয়া এবং হর্ষ সঙ্ঘভি নিজে। এদের মধ্যে চারজন, ঋষিকেশ প্যাটেল, কানুভাই দেশাই, কুনভারজি বাভালিয়া এবং প্রশোত্তম সোলাঙ্কি— তাঁদের আগের দফতরেই থাকায় নতুন করে শপথ নিতে হয়নি।
অন্যদিকে, মন্ত্রিসভায় নতুনভাবে যোগ দিয়েছেন ১৯ নেতা। ত্রিকম ছাং, স্বরূপজি ঠাকোর, প্রভিন মালি, পি সি বারান্ডা, দর্শনা ভাগেলা, কান্তিলাল আমৃতিয়া, অর্জুন মোধভাড়িয়া, প্রদ্যুম্ন বাঝা, কৌশিক ভেকারিয়া, জিতেন্দ্রভাই ভাগানি, রমনভাই সোলাঙ্কি, কমলেশভাই প্যাটেল, সঞ্জয় সিং মহিদা, রমেশভাই কাটারা, প্রফুল পানসেরিয়া, মনীষা বকিল, ইশ্বরসিং প্যাটেল, ড. জয়রামভাই গামিত এবং নরেশভাই প্যাটেল।
নতুন মন্ত্রিসভার জাতিগত ভারসাম্যও লক্ষণীয়। ২৫ সদস্যের মধ্যে ৮ জন ওবিসি, ৬ জন পাটিদার, ৪ জন আদিবাসী, ৩ জন তফশিলি জাতি, ২ জন ক্ষত্রিয় এবং ১ জন ব্রাহ্মণ ও ১ জন জৈন সম্প্রদায়ভুক্ত।
এই মন্ত্রিসভা পরিবর্তন গুজরাতে ২০২১ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে বড় রদবদল, যখন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং তাঁর সম্পূর্ণ মন্ত্রিসভা দলীয় নির্দেশে পদত্যাগ করেছিলেন।
শপথের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছাড়া বাকি ১৬ জন মন্ত্রীই পদত্যাগপত্র জমা দেন। গুজরাত বিধানসভার ১৮২টি আসনের মধ্যে রাজ্যে সর্বাধিক ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, বিধান অনুযায়ী যা মোট আসনের ১৫ শতাংশ।
ভূপেন্দ্র প্যাটেল ২০২২ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে রাজ্য সরকার পাঁচ বছর পূর্ণ করেছে।