
শেষ আপডেট: 13 July 2023 03:51
দ্য ওয়াল ব্যুরো: ভাসছে দিল্লি (Delhi)। যমুনার (Yamuna) জল বিগত কয়েকদিন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে। এখন তা নদীর পাড় ছাপিয়ে একাধিক রাস্তাঘাট ভাসিয়ে দিয়েছে (flood)। পরিস্থিতি এমনই গুরুতর যে, নদীর পাড়ে বসবাসকারী সবাইকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানী যে এইমুহূর্তে বড় বিপদের মুখে, আপ সুপ্রিমোর এই কথায় তা দিনের আলোর মতো পরিষ্কার।

অতি বৃষ্টির জেরে এখন ফুঁসছে প্রায় মজে যাওয়া যমুনা নদী। অন্যদিকে প্রতিবেশী রাজ্য হরিয়ানা জল ছাড়ার ফলে এখন বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে যমুনা। যমুনা পাড়ের বাসিন্দাদের যত শীঘ্র সম্ভব ঘরবাড়ি ছাড়ার অনুরোধ করেছেন কেজরি। এর পাশাপাশি অন্যান্য এলাকার সবাইকে এইমুহূর্তে বাড়িতেই থাকার কথা বলেছেন তিনি। পরিস্থিতির মোকাবিলায় তিনি মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকও করেছেন।
জানা গিয়েছে, বুধবার দুপুরের মধ্যেই যমুনার জলস্তর বিপদসীমা পার করে রাস্তায় চলে আসে। প্লাবিত করেছে রিং রোড থেকে কাশ্মীর গেট অবধি অনেকটা এলাকা। জমা জলের কারণে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে দিল্লিতে। বোট ক্লাব, যমুনা বাজার, গীতা ঘাট, খাড্ডা কলোনি থেকে ময়ূর বিহার, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অনুরোধ করেন যে, কেউ যেন এখন বন্যার জল দেখতে নদীর পাড়ে না যান। কারণ যমুনা নদীর জলস্তর খুবই দ্রুত বাড়ছে। ফলে যে কোনও সময় বড় বিপত্তি ঘটতে পারে। উল্লেখ্য, প্রশাসনের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্লাবনের জেরে যারা বিপদে পড়েছেন বা বিপদে পড়ার আশঙ্কা করছেন, তাঁদের তড়িঘড়ি সেই ত্রাণ শিবিরগুলিতে এসে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভূমিধস-হড়পা বানে হিমাচলে মৃত বেড় ৩০, নদীগর্ভে বাড়িঘর-দোকানপাট, আটকে ৫০০ পর্যটক