
শেষ আপডেট: 31 May 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: শেষ দেখে ছাড়বে কলকাতাও। ব্রিজভূষণ সিংয়ের (Brijbhushan sharan Singh) বিরুদ্ধে গর্জে উঠছে শহরের ক্রীড়াবিদরা (Wrestlers Protest)। বুধবার বিকেলে হাজরা মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত হবে সংহতি যাত্রা। সেখানে হাজির থাকবেন বাংলার নামী তারকারা। চেষ্টা করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে মিছিলে হাঁটানোর। মহারাজ এই বিষয়ে এখনও কোনও সবুজ সংকেত দেননি।
সম্প্রতি ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়াদের ওপর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ। তারই পরবর্তী পদক্ষেগ হিসেবে কলকাতায় এদিন রাস্তা অচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই যাত্রায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের নামী রত্নদের সঙ্গে কেন এমন আচরণ করা হল, সংহতি যাত্রার এটাই মুখ্য লক্ষ্য হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে এই প্রতিবাদ মিছিল করা হবে। কুস্তি ফেডারেশনের অপসারিত সভাপতি ব্রিজভূষণের নামে বড় অভিযোগ, তিনি জাতীয় শিবিরে থাকা এক নাবালিকা কুস্তিগিরকে যৌন লাঞ্ছনা করেছেন। তাঁর নামে দিল্লি পুলিশে অভিযোগ জানানোর পরেও তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।
শহরের এই মিছিলে থাকবেন নামী ক্রীড়াবিদদের অনেকেই। বিভিন্ন ইভেন্টের তারকারা সামিল থেকে কুস্তিগিরদের পাশে থাকার আহ্ববান জানাবেন। যে সব তারকারা দেশকে গর্বিত করেছেন। যাঁরা পদক এনে দেশবাসীকে গৌরবান্বিত করেছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালিয়ে মস্ত বড় ভুল হয়েছে।
ক্রীড়াবিদদের প্রতিবাদ ওই বিজেপি নেতা তথা কুস্তি সংস্থার শীর্ষ কর্তার বিরুদ্ধেই। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি কুস্তিগিরদের আন্দোলনে শামিল হতে হবে।
ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই কে বলেছে, তদন্ত চলছে: দিল্লি পুলিশ