
শেষ আপডেট: 23 April 2019 15:22
জানা গিয়েছে এক মহিলা প্লাস্টিকের ব্যাগ ভর্তি অনেকগুলি কুকুরছানা নিয়ে এসে, একটি দোকানের পাশে বড় ডাস্টবিনে ফেলে দিয়ে যান। এই অমানবিক আচরণের অভিযোগে, ডেবরা সিউ কোলয়েল নামে ক্যালিফোর্নিয়ার ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যালিফোর্নিয়ার সংগঠন, 'দ্য রিভার সাইড কান্ট্রি অ্যানিমেল সার্ভিসেস' তাদের ফেসবুক পেজে ঘটনাটির কথা জানিয়েছে। ওই পোস্টে লেখা রয়েছে, দোকানে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে, যে ওই মহিলা একটি জিপ গাড়িতে করে ঘটনাস্থলে আসেন। তাঁর হাতে ছিল একটি প্লাস্টিকের ক্যারিব্যাগ।
দেখুন ফেসবুক পোস্ট।
https://www.facebook.com/permalink.php?story_fbid=2269778116416928&id=162246003836827
ফুটেজে দেখা যায়, মহিলা সোজা হেঁটে আবর্জনার ভ্যাটের কাছে আসেন এবং প্লাস্টিকটি তার মধ্যে ফেলে দিয়ে ফের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে যান। পরে ওই প্লাস্টিক ব্যাগটির মধ্যে থেকে সাতটি কুকুরছানা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। সবগুলি কুকুরছানার বয়স তিন দিন এবং তারা সম্ভবত টেরিয়ার মিশ্র প্রজাতির বলে সূত্রের খবর।
দেখুন সিসিটিভি ফুটেজ।
https://www.youtube.com/watch?v=I6Z5JpsItEs&feature=youtu.be&fbclid=IwAR0KaM9URScKsCvV5Zm7R15oaOgw23xAmcCjm22pl0lZph_oXVDJ5lqjFKI
রিভারসাইড কান্ট্রি অ্যনিম্যাল সার্ভিসেস নিজেদের ফেসবুক পোস্টে ওই সিসিটিভি ফুটেজের ভিডিও-ও শেয়ার করেছেন। তারা লিখেছে, ‘‘ওই মহিলা প্লাস্টিকের ব্যাগটি ফেলে চলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই জন নামে এক পথচারীর চোখ যায় ওই ময়লার ভ্যাটে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগে। ব্যাগটি নড়াচড়া করছে দেখে তিনি বিষয়টি সংলগ্ন দোকানে জানান। ওই পথচারী এমন না করলে কুকুরছানাগুলি হয়তো বাঁচত না।''
ঘটনাটি দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যে মহিলা কুকুরগুলি ফেলে গিয়েছিলেন, তাঁর পরিচয় পরে জানা যায়। পশুদের প্রতি নৃশংসতার অভিযোগে ডেবরা সিউ কোলয়েল নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘‘হৃদয়হীনা ডাইনির মতো কাজ করেছেন মহিলা।'' অন্য এক জন লেখেন, ‘‘প্রতিটি কুকুরছানার প্রতি নৃশংসতার জন্য মহিলার আলাদা আলাদা সাজা হওয়া উচিত।''
মহিলাকে গ্রেফতার করে, কুকুরছানাগুলি আপাতত উদ্ধারকারী সংস্থার নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।