দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যে শীতের আমেজ কিছুটা কমছে। কলকাতায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, বৃষ্টির নেই পূর্বাভাস।

ফাইল চিত্র
শেষ আপডেট: 19 December 2025 11:56
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। গত কয়েক দিনের তুলনায় শীতের আমেজ কিছুটা কমেছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও কুয়াশার দাপট বজায় থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ। আবহাওয়া দফতর জানিয়েছে, উইকেন্ডে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গে শীতের আমেজ চললেও দিনের বেলায় রোদের তাপে শীতের অনুভূতি কিছুটা কমবে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। কোচবিহার, জলপাইগুড়ি সহ ওপরের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে। অন্যদিকে, মালদহ ও সংলগ্ন নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও মুজফ্ফরাবাদে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও বরফ পড়তে পারে। অন্যদিকে, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও বিহারে ঘন কুয়াশার চরম সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশেও কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের কিছু অংশে 'কোল্ড ডে' পরিস্থিতি বজায় থাকবে।