
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 April 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: গত বছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Results) ৮১ দিনের মাথায় ফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। দিনটা ছিল ২ মে। এবারে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
নিয়োগে দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। পরে আদালত এও জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা স্কুলে যেতে পারবেন। তবে আদালতের রায় সামনে আসার পর থেকেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষকরা।
এমন পরিস্থিতিতে সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয়ে বিভিন্ন মহল। যদিও পর্ষদ সূত্রের, নির্ধারিত সময়েই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।
পর্ষদের এক আধিকারিক বলেন, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের তালিকা প্রকাশ করা হবে। তবে ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। সেক্ষেত্রে ৩০ এপ্রিলের পরিবর্তে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে।
যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অবস্থানে বসেছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের স্কুলে ফিরে যেতে বললেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এমন পরিস্থিতিতে সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।
এবার পর্ষদ থেকেও জানানো হল, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।