দ্য ওয়াল ব্যুরো : পশ্চিমবঙ্গে কোভিড ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটরের পদে এতদিন ছিলেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের এক সভায় তাঁকে দেখা গিয়েছিল। তার পরেই শোনা গেল, কোভিড ম্যানেজমেন্টের কো-অর্ডিনেটরের পদ থেকে সরানো হচ্ছে তাঁকে। এর আগে বহুবার স্বাস্থ্য দফতরের ক্রাইসিস ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তিনি অবসর নেওয়ার পরে বিশেষ পদে বহাল ছিলেন তিনি। তাঁকে সরানোর পর প্রশ্ন উঠছে, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই কি পদ খোয়ালেন প্রদীপবাবু?
গত বছরের ৪ এপ্রিল থেকে প্রদীপবাবু কোভিড ম্যানেজমেন্টের কো-অর্ডিনেটরের পদে ছিলেন। ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য দফতর জানায়, তাঁকে ওই পদ থেকে সরানো হচ্ছে। তাঁর জায়গার আসছেন গোপালকৃষ্ণ ঢালি। কেন প্রদীপবাবুকে সরানো হচ্ছে জানানো হয়নি।
প্রদীপ মিত্রকে তাঁর অপসারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রত্যাশিত কিন্তু দুঃখজনক"। তাঁর দাবি, বিজেপির ডক্টরস সেলের আলোচনায় গিয়ে কোনও ভুল করেননি। সেই সভায় স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় যদি তাঁকে সরানো হত, তাহলে কিছু বলার ছিল না। কিন্তু তাঁর জায়গায় আর একজনকে দায়িত্ব দিয়ে বোঝানো হল, ওই পদের প্রয়োজন রয়েছে।
প্রদীপবাবুকে প্রশ্ন করা হয়, তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? তিনি সরাসরি কোনও জবাব না দিয়ে বলেন, উন্নয়নের ব্যাপারে যে কোনও জায়গায় তিনি থাকবেন। স্বাস্থ্য সম্পর্কে কোনও ভূমিকায় কেউ আমন্ত্রণ করলে তিনি যাবেন।