ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোয় ঘুরতে গিয়ে বিঘ্ন ঘটতে পারে বৃষ্টির কারণে।

ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা
শেষ আপডেট: 5 September 2025 18:25
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গাপুজো। আর ঠিক পুজোতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়ে। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয় না। তাই আবহাওয়াবিদরা মনে করছেন, পুজোয় বৃষ্টি হবেই। পুজোর কোন দিন কোন জেলায় ঠিক কতটা বৃষ্টিপাত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত পূর্বাভাস ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে দেবে আলিপুর আবহাওয়া দফতর।
মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বরং আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এর ফলে গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ উইকেন্ডে কিছুটা কমবে।
আজ শুক্রবার, আবার সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে এরপর থেকে কিছুটা কমতে শুরু করবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুতের সঙ্গে।
আজ শুক্রবার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।