পোস্টপেইড থেকে প্রিপেইড করায় সমস্যা, গ্রাহককে ৭ হাজার টাকা জরিমানা দেবে ভোডাফোন
দ্য ওয়াল ব্যুরো: অনেক গ্রাহককেই মোবাইলের পোস্টপেইড কানেকশন প্রিপেইড করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। নানা সমস্যার অভিযোগ শোনা যায় গ্রাহকদের থেকে। কিন্তু মহারাষ্ট্রের এই গ্রাহক সহজে ছাড়েননি। বিষয়টি নিয়ে অভিযোগ জানান প্রশাসনকে। আর তার জেরে থা
শেষ আপডেট: 1 September 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: অনেক গ্রাহককেই মোবাইলের পোস্টপেইড কানেকশন প্রিপেইড করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। নানা সমস্যার অভিযোগ শোনা যায় গ্রাহকদের থেকে। কিন্তু মহারাষ্ট্রের এই গ্রাহক সহজে ছাড়েননি। বিষয়টি নিয়ে অভিযোগ জানান প্রশাসনকে। আর তার জেরে থানে জেলার ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট কমিশন ভোডাফোনকে ৭ হাজার টাকা জরিমানা করল। ওই টাকা অভিযোগকারি গ্রাহককে দিতে হবে। তবে বিচার পেতে সময় লাগল প্রায় ছ'বছর।
আরও পড়ুন
থানে শহরের ভোডাফোন গ্রাহক জাভেদ ইউসুফ শেখের অভিযোগটা ঠিক কী ছিল? তাঁর একটি ভোডাফোনের পোস্টপেইড কানেকশন ছিল। তিনি সেটা প্রিপেইড করার আবেদন করেন ২০১৪ সালে। সব নিয়ম মেনে কাজগপত্র জমা দেওয়া এবং বিল মিটিয়ে দেওয়ার পরে সেই বছরের ৯ মার্চ ভোডাফোনের থেকে নতুন সিম কার্ড পান প্রিপেইড কানেকশনের জন্য। সংস্থার পক্ষে বলা হয়, আগামী দু-তিন দিনের মধ্যে নতুন সিম কার্ডটি কার্যকর হয়ে যাবে। কিন্তু তা হয়নি। উল্টে তার কাছে পোস্টপেইড গ্রাহক হিসেবে বিল আসতেই থাকে এবং জুলাই মাসে তাঁর ওই নম্বরের কানেকশন কেটে দেওয়া হয়।
এর পরেই তিনি কনজিউমার ফোরামে যান। সেখানে গিয়ে ভোডাফোনের (সেই সময়ে সংস্থার নাম ছিল ভোডাফোন এসার লিমিটেড) বিরুদ্ধে অভিযোগ তুলে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ ও ২০ হাজার টাকা আইনি খরচ বাবদ দাবি করেন।
অন্য দিকে, ভোডাফোনের তরফে এই অভিযোগের জবাবে বলা হয়, জাভেদ ইউসুফ খানকে সংস্থার পক্ষে বারবার যোগাযোগ করে বলা হয় তিনি যে বিল মিটিয়েছেন তার নথি পিডিএফ ফরম্যাটে পাঠান। কিন্তু সেটা না করায় কানেকশন কেটে দেওয়া হয়। একই সঙ্গে বিলের পিডিএফ কপি না পাওয়ায় পোস্টপেইড থেকে প্রিপেইড করা যায়নি ফোন নম্বরটি।
দু'পক্ষের বক্তব্য শোনার পরে মূল ঘটনার ছ'বছর পরে সম্প্রতি থানের কনজিউমার ফোরাম জানিয়েছে, এই ক্ষেত্রে যথাযথ পরিষেবা দিতে পারেনি ভোডাফোন। তার জন্য জরিমানা দিতে হবে। তবে জাভেদ ইউসুফ যতটা চেয়েছিলেন ততটা নয়। ভোডাফোনকে বলা হয়েছে ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার টাকা এবং আইনি খরচের জন্য ২ হাজার টাকা ওই গ্রাহককে দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে, এর উপরে ৬ শতাংশ হারে সুদ দিতে হবে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, অবিলম্বে জাভেদ ইউসুফের পুরনো ফোন নম্বরটি প্রিপেইড কানেকশন হিসেবে চালু করে দিতে হবে ভোডাফোনকে।