
শেষ আপডেট: 26 September 2022 10:38
দ্য ওয়াল ব্যুরো: প্রায় বলিউডি কায়দায় বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন যুবক। ফল পেলেন হাতেনাতে। ট্রাফিক আইন ভাঙার জন্য কয়েক ঘণ্টার মধ্যেই সেই যুবককে আটক করে পুলিশ। প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাওয়ার পাশাপাশি বড় রকমের জরিমানাও গুনতে হয়েছে তাঁকে। ছত্তিসগড়ের দুর্গ শহরের এই ঘটনা ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Bike Stunt)
হেলমেটের বালাই নেই। জনবহুল রাস্তার উপরে দ্রুতগতির বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন দুর্গের এক যুবক। বেআইনি সেই স্টান্টের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এক পথচারী। দ্রুত ভাইরাল হয় সেই ভিডিও। চোখে পড়ে ছত্তিশগড় পুলিশেরও। দুর্গ পুলিশের তরফে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেই যুবকের বিরুদ্ধে। ৪২০০ টাকা জরিমানা হয়েছে যুবকের। (Viral Bike Stunt)
দুর্গ পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে স্টান্ট করার এঈ ভিডিওটি শেয়ার করা হয়। তাতে দেখা যাচ্ছে, চলন্ত বাইকের একদিকে পা ঝুলিয়ে বসে আছে যুবক। ওই অবস্থাতেই অসমান পথের উপর দ্রুত গতিতে ছোটাচ্ছেন নিজের দুচাকা যান। আঘাত থেকে বাঁচার জন্য বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক। সেই নিয়মটুকুও মানেননি এই যুবক।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও। কয়েক ঘণ্টায় ২ লাখের বেশি মানুষ দেখেছেন, শেয়ারও হয়েছে প্রচুর। ভিডিওর ক্যাপশনে সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন দুর্গ পুলিশ। এ প্রসঙ্গে দুর্গ পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, রাস্তাঘাটে সব সময় নজর রাখা হচ্ছে। যাঁরা অকারণে বাইক নিয়ে এই ধরনের স্টান্টবাজি বা রাশ ড্রাইভিং করেন তাদের বিরুদ্ধে আরও কড়া করা হচ্ছে আইনি ব্যবস্থা।