
শেষ আপডেট: 6 November 2023 17:36
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: জলে ভাসল গ্রাম। মাটির বাড়িতে জল ঢুকে পড়ায় সমস্যায় পড়তে হল বেশ কয়েকটি পরিবারকে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায় সালানপুর ব্লকের দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের ন্যাকড়া জরিয়া এলাকায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় একটি কারখানা রয়েছে। ওই কারখানা কর্তৃপক্ষ জলের দাবি করে আসছিল। কয়েকদিন আগে প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরা নিজস্ব পাইপ লাইন বসিয়ে মাইথন জলাধার থেকে জল আনার জন্য বোরিং-এর কাজ শুরু করে। সেই কাজ করতে গিয়ে পিএইচপি লাইনের মেইন পাইপ ফেটে যায়। যার ফলে হুড় হুড় করে গ্রামে জল ঢুকতে থাকে। কয়েকটি মাটির বাড়িতে জল ঢুকে পড়ায় সমস্যা পড়তে হয়েছে বাড়ির বাসিন্দাদের।
ঘটনা জানার পরে গ্রামবাসীরা ভাঙচুর চালান কারখানার গাড়িতে। কারখানার লোকজন সেখানে গেলে তাঁদের মারধর করা হয়। দীর্ঘক্ষণ দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডের ন্যাকড়াজোড়িয়া মোড়ে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা পরিস্থিতির ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি করে নিয়ে যান তাঁরা। বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।