
শেষ আপডেট: 26 June 2023 18:43
দ্য ওয়াল ব্যুরো: ১০ দিন ধরে নাতির পচাগলা মৃতদেহ আঁকড়ে ছিলেন ৬৫ বছর বয়সি ঠাকুমা! সোমবার উত্তরপ্রদেশের মোহরিপূর্বা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে। মিথিলেশ নামের ওই মহিলার ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পড়শিরা পুলিশে খবর দিলে জানাজানি হয় বিষয়টি।
পুলিশ জানিয়েছে, গত কয়েক বছর ধরে ঠাকুমা মিথিলেশের সঙ্গেই থাকত নাতি প্রিয়াংশু। দাদু মারা গেছেন, তিনি সরকারি চাকরি করতেন। তাঁর পেনশনের টাকাতেই চলত ঠাকুমা-নাতির সংসার। তবে ১৭ বছরের প্রিয়াংশু ঠিক কীভাবে মারা গেল, তা জানা যায়নি এখনও। ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
এদিন এলাকাবাসীর থেকে অভিযোগ পেয়ে মিথিলেশের বাড়িতে পৌঁছয় পুলিশ। দেখা যায়, প্রিয়াংশুর পচাগলা দেহের পাশে বসে আছেন মিথিলেশ। সঙ্গে সঙ্গেই দেহ উদ্ধার করে পুলিশ। ঠাকুমা মিথিলেশকে পাঠানো মানসিক স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে।