
ফাইল ছবি
শেষ আপডেট: 26 February 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: কুমোরটুলি কাণ্ডে (Kumartuli Case) ধৃত মা এবং মেয়ের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দেওয়া হল। বুধবার তাঁদের তোলা হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court)। বিচারক দুজনকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বুধবার ব্যাঙ্কশাল আদালত কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে, সমস্ত কেস ডায়েরি মধ্যমগ্রাম থানার হাতে তুলে দিতে হবে। বারাসাত আদালতে হবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার থেকেই তার প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, এদিনই অন্যতম ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে নর্থ পোর্ট থানার পুলিশ ফরেনসিক আধিকারিকদের সঙ্গে নিয়ে মধ্যমগ্রামে গেছিল। যে বাড়িতে ধৃতরা ভাড়া থাকতেন সেই বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ইট।
পাশাপাশি আরও বেশ কিছু জিনিস ঘটনাস্থল এবং আশপাশ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ধৃতদের মোবাইল, ভোটার কার্ড, আধার কার্ড এবং ভ্যানিটি ব্যাগ। তবে যে অস্ত্র দিয়ে পা কাটা হয়েছিল সেটা উদ্ধার হয়নি। এই কাজে ফাল্গুনীদের কেউ সাহায্য করেছিলেন নাকি তাঁরা নিজেরাই এই কাজ করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
খুন করার পর মা-মেয়ে কাটা দেহ ট্রলিব্যাগে ভরে তাঁরা বেরিয়েছিলেন কলকাতা যাওয়ার জন্য। প্রথমে একটি ভ্যান ভাড়া করেছিলেন তাঁরা। সেই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জেনেছে পুলিশ। ওই চালক জানিয়েছেন, দুজনে দোলতলায় যাওয়ার জন্য বলেছিলেন। এর জন্য ১৩০ টাকা ভাড়া দিয়েছিলেন।
পুলিশ জানতে চায়, তাঁদের কাছে ভারী ব্যাগ থাকায় তাঁর সন্দেহ হয়েছিল কিনা। ভ্যানচালক বলেন, অস্বাভাবিক কিছু নজরে আসেনি। এবার ধৃতদের জেরা করে আর কী তথ্য পুলিশ জানতে পারে, সে দিকেই নজর সকলের।