
ঘটনাস্থলের ফাইল ছবি
শেষ আপডেট: 4 April 2025 11:42
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় (Patharpratima News) বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানার মালিক তথা দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বিরুদ্ধে খুনের চেষ্টায় (Attempt to murder) জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। দুই ভাইয়ের মধ্যে চন্দ্রকান্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার শুক্রবার সকালে ছোট ভাই তুষারকে আটক করলেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে আজই আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।
সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট (Patharpratima News) থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। অগ্নিকাণ্ডে প্রাণ যায় বণিক পরিবারের আট সদস্যের। যাঁদের মধ্যে ছিল দু'জন সদ্যজাত-সহ চার শিশুও।
স্থানীয় বাসিন্দারা প্রথমে জানান, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি হয়েছে। কিন্তু গত চার দিনের তদন্তে উঠে আসে নানা গল্প। জানা যায়, প্রায় এক দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথমে বিস্ফোরণ হয়। তারপর সিলিন্ডার ফাটে। বাড়ির মধ্যেই ছিল বেআইনি বাজির কারখানা। পরে মঙ্গলবার ফরেনসিক টিম ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে।
প্রথমে জানা যাচ্ছিল, চন্দ্রকান্ত ও তুষারদের কাছে বাজি ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য ও লাইসেন্স ছিল। কিন্তু পরে পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে কোনও লাইলেন্স পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন চন্দ্রকান্ত ও তুষার দুজনই। প্রথমে চন্দ্রকান্তকে গ্রেফতার করে পুলিশ। চারদিন তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে ঢোলাহাট থেকেই তুষারকে আটক করে পুলিশ। পুলিশ হেফাজতে চেয়ে আজই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।