
শেষ আপডেট: 20 July 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো: বদলি করা হল সিবিআইয়ের কলকাতা জ়োনের যুগ্ম অধিকর্তা (CBI Chief) এন বেণুগোপালকে। কয়লা এবং গরু পাচার তদন্তের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাঁর পরিবর্তে ওই পদের দায়িত্বে এলেন রাজেশ প্রধান। হায়দরাবাদ জ়োনের নতুন যুগ্ম অধিকর্তার পদে বদলি করা হয়েছে বেণুগোপালকে। বেণুগোপালের পাশাপাশি যুগ্ম অধিকর্তা (নীতি) অমিত কুমারকেও বদলি করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
বস্তুত, রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মামলা হল, কয়লা এবং গরু পাচার (coal-cow smuggling case)। এই দুটি হেভিওয়েট মামলার সঙ্গেই যুক্ত ছিলেন বেণুগোপাল। সূত্রের খবর, গত বছর জুন মাসে সিবিআইয়ের কলকাতা জ়োনের যুগ্ম অধিকর্তার পদে বসার পর থেকেই এই দুটি মামলার তদন্তভার সামলাচ্ছিলেন তিনি। স্বাভাবিকভাবে, তদন্তের মাঝপথে তাঁর বদলির জেরে কয়লা-গরু পাচার মামলার তদন্তের নতুন মোড় নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
জানা গিয়েছে, অতীতে গরু এবং কয়লা পাচার মামলার দায়িত্বে ছিলেন সিবিআইয়ের কলকাতা জ়োনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। গত বছর জুন মাসে বদলি করা হয় পঙ্কজকে। সেই পদে আসেন বেণুগোপাল। এ বার তাঁকে বদলি করা হল। সিবিআইয়ের কলকাতা জ়োনের নতুন যুগ্ম অধিকর্তা রাজেশ ২০০৩ সালের আইপিএস ক্যাডার। সূত্রের খবর, ডিআইজি পদ মর্যাদার এই অফিসারকে ডেপুটেশনের ভিত্তিতে আগামী পাঁচ বছরের জন্য সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে।
বস্তুত, গরু পাচার মামলায় গত বছরের অগস্টে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলক গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে তিহাড়ের জেলে রয়েছেন অনুব্রত। অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা। স্বভাবতই, তদন্তের মাঝপথে সিবিআই কর্তার বদলি ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা।
আরও পড়ুন: বন্দে ভারতে হিসি করতে উঠে ৬ হাজার টাকা গচ্চা! কপাল চাপড়াচ্ছেন যুবক