
শেষ আপডেট: 21 December 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ক্ষোভে, দু:খে অসহায়ভাবে সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন বর্ধমানের প্রাচীন ঐতিহ্যবাহী রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। জানালেন, ২০২২ থেকে কলেজে চলছে থ্রেট কালচার। এর পিছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতার।
শনিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ নানা চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এই নিয়ে আলোড়ন পড়ে গেছে জেলার শিক্ষামহলে। এতটাই অবিশ্বাস এবং আশঙ্কার মধ্য দিয়ে কলেজ চলছে যে, খোদ অধ্যক্ষকে জরুরি সভা করতে হচ্ছে পুলিশ পাহারা নিয়ে। এদিন অধ্যক্ষ জানান, এই অসহনীয় পরিবেশ নিয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন।
তাঁর অভিযোগ, কলেজের সোস্যালের ব্যাপারে এক বড় তৃণমূল ছাত্রনেতা তাঁর অনুমতি না নিয়েই কলেজের রুমে বৈঠক করেন। তিনি বিষয়টি পরিচালন সমিতির সভাপতিকে জানান। জেলাশাসককেও জানিয়েছেন। এদিন অধ্যক্ষ বলেন, "কলেজে আতঙ্কের পরিবেশ রয়েছে। ৭০ জন শিক্ষক নিরাপত্তা চেয়ে আমার কাছে দরখাস্ত করেছেন।"
অধ্যক্ষ আরও জানান, নতুন জিবি হওয়ার পথ থেকেই এই থ্রেট কালচার চলে আসছে কলেজে। ৭১ জন শিক্ষক শিক্ষিকা নিরাপত্তার অভাব বোধ করে নজিরবিহীনভাবে ডেপুটেশন দিয়েছেন তাঁকে। তাঁকে সরিয়ে দেবার চেষ্টা চলছে।
এই পরিস্থিতির জন্য বহিরাগত ও তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধের হুমকির অভিযোগ তোলেন অধ্যক্ষ। তিনি বলেন, "কলেজে ছাত্র সংসদ বলে কিছু নেই। কিছু 'বহিরাগত' এবং ছাত্রনেতা সব চালাচ্ছে।"
এই নিয়ে কলেজের অধ্যাপক পিয়ালী বন্দোপাধ্যায় বলেন, "অসহনীয় পরিবেশ চলছে। বহিরাগতরা আসছে। অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।"
যদিও এই নিয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও দাপুটে নেতা স্বরাজ ঘোষ কিছু বলতে অস্বীকার করেন।