
শেষ আপডেট: 8 March 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে হয়েছে টেটের পরীক্ষা। তারপর ২ মাস অতিক্রান্ত। কবে টেটের ফল প্রকাশিত হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিকে ক’দিন পরেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে ভোটের জন্য কি টেটের ফল প্রকাশ পিছিয়ে যাবে, নাকি তার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করবে। এই নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
পর্ষদ সূত্রের অবশ্য দাবি, এর মাঝে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না। কারণ, অনেক আগেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে ফল প্রকাশে কোনও অসুবিধা হবে না।
এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের এক আধিকারিক জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে। মার্চের মধ্যেই টেটের ফল প্রকাশিত হবে। গত বারে অবশ্য ফেব্রুয়ারির শেষে টেটের ফল প্রকাশ করেছিল পর্ষদ।