এই মুহূর্তে ওই আহত শিক্ষককে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। সূত্রের খবর, এসএসকেএম-এ ভর্তি করা হবে তাঁকে।

আহত শিক্ষক
শেষ আপডেট: 25 August 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে (School) যাওয়ার পথে শিক্ষককে (Teacher) কোপ! বাদ হয়ে গেল হাত। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভগবানপুরে (Bhagwanpur) ঘটেছে ভয়াবহ ঘটনা। এই মুহূর্তে ওই আহত শিক্ষককে নিয়ে আসা হচ্ছে কলকাতায় (Kolkata)। সূত্রের খবর, এসএসকেএম-এ ভর্তি করা হবে তাঁকে।
আহত শিক্ষকের নাম গোকুল চন্দ্র মুড়া। তিনি পূর্ব মেদিনীপুর ভগবানপুর শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা। রোজদিনের মতো সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন তিনি। তবে কিছুদূর এগোতেই আচমকা তাঁর ওপর হামলা করে এক যুবক। এলোপাথাড়ি কাটারির কোপ দিতে থাকে সে। নিজেকে বাঁচাতে সামনে হাত বাড়ালে গোকুলের ডান হাতের কবজি বাদ হয়ে যায়।
কেন এই হামলা করল ওই যুবক, সেটা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এমন ঘটনা। স্থানীয় সূত্রে খবর, চার বছর আগে আক্রান্ত শিক্ষক গোকুল চন্দ্র মুড়ার নাবালিকা মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল। ঘটনার দায়ে সরাসরি অভিযুক্ত করা হয়েছিল প্রতিবেশী যুবক নন্দকে।
গোকুলবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভগবানপুর থানার পুলিশ। বেশ কয়েকদিনের অনুসন্ধানের পর অন্তঃসত্ত্বা অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। গ্রেফতার করা হয় অভিযুক্ত নন্দকে। সেই মামলায় দীর্ঘদিন জেল খাটতে হয় তাকে। তবে কয়েক মাস আগে নিম্ন আদালত থেকে জামিনে ছাড়া পান নন্দ।
কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনার রেশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মেয়ে অপহরণ ও ধর্ষণের মামলায় অভিযুক্ত নন্দের জামিন খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন গোকুলবাবু। সেই খবর কোনওভাবে পৌঁছে যায় অভিযুক্তের কানে। তদন্তকারীদের অনুমান, সেই আক্রোশই এই হামলার মূল কারণ।
এই ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যেভাবে দিনের আলোয় হামলা চালানো হয়েছে তা ভয়ঙ্কর ব্যাপার। প্রাণ চলে যেতে পারত ওই শিক্ষকের। স্বাভাবিকভাবেই নিজেদের নিরাপত্তার দাবিতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা।