শনিবার সকালেই এমন এক তালিকা ফাঁস হয়েছে। জানা গেছে, অযোগ্যদের তালিকায় প্রায় ১ হাজার ৯০০ জনের নাম রয়েছে। তাতে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির নাম রয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 August 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার অযোগ্যদের তালিকা (Ineligible Candidates) প্রকাশ করার কথা জানিয়েছে এসএসসি (SSC)। প্রথমে মনে করা হয়েছিল, বিকেলের মধ্যেই সেই তালিকা প্রকাশিত হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা হয়নি। সূত্রের খবর, শনিবারই সন্ধে ৭টার মধ্যে এসএসসি প্রকাশ করতে পারে চর্চিত সেই অযোগ্যদের তালিকা।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC)। তার আগে আজ শনিবার প্রকাশ পেতে চলেছে অযোগ্য প্রার্থীদের (Ineligible Candidates) তালিকা। কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানানো হয়েছে, প্রায় ১ হাজার ৯০০ জনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শনিবারই তা প্রকাশ্যে আনা হবে।
শনিবার সকালেই এমন এক তালিকা ফাঁস হয়েছে। জানা গেছে, অযোগ্যদের তালিকায় প্রায় ১ হাজার ৯০০ জনের নাম রয়েছে। তাতে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির নাম রয়েছে। এমনকী এক বিধায়কের মেয়ের নাম এবং তৃণমূলের এক পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের নামও রয়েছে। যদিও এসএসসি-র তালিকা থেকেই শেষ পর্যন্ত জানা যাবে আদতে অযোগ্য কারা।
'ফাঁস' হওয়া তালিকা অনুযায়ী, নবম-দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগির প্রার্থীর সংখ্যা ৯৯৩ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাগি প্রার্থীর তালিকা ৮১০ জন। এর মধ্যে নবম দশমে ওএমআর শিট (OMR) জালিয়াতি করে চাকরি পেয়েছেন ৮০৮ জন। এছাড়া ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন বহু।
গত বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসি-কে কার্যত ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। বক্তব্য ছিল, তাঁদের কোনও যুক্তিই ধোপে টিকছে না। পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তাঁরা গেছিলেন সেই প্রশ্নের উত্তরও চাওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এসএসসি-কে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে। কোনও ভুল-ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবে এও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।
এদিকে নতুন করে পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। দাবি ছিল, তাঁরা যোগ্য, কিন্তু এখনও অনেক অযোগ্যকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই এসএসসি-র কাছে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট।