দ্য ওয়াল ব্যুরো : বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে হিংসা ছড়ানোর দায়ে ২০১৮ সাল থেকে সাসপেন্ড হয়ে ছিলেন এম এ-র ছাত্র গৌরব সিং। মঙ্গলবার সন্ধ্যায় তিনি যখন বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে আছেন, বাইক আরোহীরা গুলি চালায় তাঁর দিকে। গুরুতর আহত হয়ে তিনি ইউনিভার্সিটির হাসপাতালেই ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় চত্বরে ইভ টিজিংকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী ও সাংবাদিক আহত হন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয় চত্বরে যারা গোলমাল করেছে, তারা কেউ ছাড়া পাবে না। অশান্তির সময় বাসে আগুন লাগানোর অভিযোগে গৌরব সাসপেন্ড হয়েছিলেন।
২৩ বছরের গৌরব মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিড়লা হস্টেলের গেটে দাঁড়িয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু। মোটর বাইকে চড়ে চারজন এসে তাঁকে লক্ষ করে গুলি চালায়। গুলি লাগে তাঁর পেটে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত দেড়টার সময় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, গৌরবকে লক্ষ করে ১০টি গুলি ছোঁড়া হয়। খুনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গৌরবের বাবার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর-ও করা হয়েছে।
বারাণসীর পুলিশ প্রধান আনন্দ কুলকার্নি বলেন, যতদূর মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই গৌরব খুন হয়েছেন। পুলিশ সব সম্ভাবনাই খতিয়ে দেখছে। বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি বজায় রাখার জন্য মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।