
শেষ আপডেট: 13 March 2023 10:49
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার দেঙ্গুলা হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র (Student) গরম ডালের (Hot Dal) কড়াইতে পড়ে মারা যায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে সুন্দরগড় জেলার কয়ডা এলাকায়। ওই ছাত্রের নাম গেলেত হাঙ্গা। দুর্ঘটনাক্রমে গরম ডালের কড়াইতে পড়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দেহের অধিকাংশই পুড়ে গেছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনাটি মার্চের ৬ তারিখ ঘটলেও সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ছাত্রের। জানা গেছে, স্কুলে থাকাকালীন ওই ছাত্র রান্নাঘরে থাকা রাঁধুনিকে গরম ডালের কড়াইটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য সাহায্য করতে যায়। ভারসাম্য হারিয়ে নিজেই পড়ে যায় কড়াইয়ের মধ্যে। প্রাথমিকভাবে তাঁকে কয়ডা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কজনক হওয়ায় বদলি করা হয় ইস্পাত জেনারেল হাসপাতালে।
স্কুলের রাঁধুনি জানান, ওই ছাত্রকে তিনিই ডেকেছিলেন স্টোভের থেকে ডালের কড়াইটা সরানোর জন্য। কিন্তু এরম কিছু হয়ে যাবে এটা তিনি আশা করেননি। স্থানীয়রা এই ঘটনাতে চূড়ান্ত ক্ষুব্ধ। তাঁদের দাবি, পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক কারণ অনেকসময়ই পড়াশোনা না করিয়ে স্কুলের বাচ্চাদের দিয়ে রান্নাঘরের কাজ করানো হয় বলে অভিযোগ। যদিও ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছ থেকে এই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
স্পিকারের ঘরে মিছিল করে আসব, আজকে শান্তভাবে বলে গেলাম, হুমকি শুভেন্দুর